জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের বিকল্প নেই

কারিগরি ও মাদরাসা শিক্ষা সচিব

Printed Edition

বরিশাল ব্যুরো

দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষার গুরুত্ব উল্লেখ করে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, বর্তমান বিশ্বে কর্মসংস্থানের সবচেয়ে বড় চাবিকাঠি হচ্ছে কারিগরি দক্ষতা। এই শিক্ষা অর্জনের বিকল্প নেই। শনিবার বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদফতরের অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) প্রকল্প আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব রফিকুল ইসলাম বলেন, দেশে-বিদেশে শিল্প ও প্রযুক্তি খাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। কারিগরি শিক্ষায় শিক্ষিতদের জন্য চাকরির সঙ্কট নেই; বরং দক্ষতার ভিত্তিতে তারা আত্মকর্মসংস্থানেও সফল হচ্ছেন। তিনি আরো বলেন, অনেক উন্নত দেশে কারিগরি শিক্ষায় শিক্ষিতের হার অত্যন্ত বেশি।

পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী রকিব উল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক প্রকৌশলী রেজাউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদার, কারিগরি শিক্ষা অধিদফতরের সংযুক্ত কর্মকর্তা আরিফা পারভীন, পলিটেকনিকের উপাধ্যক্ষ এস এম সামচুন নাহার ও মীর মঞ্জুর মোর্শেদ, কম্পিউটার টেকনোলজি বিভাগের চিফ ইন্সট্রাক্টর শাকিল আল মাসুম, অ্যাসেট প্রকল্পের উপপরিচালক রবিন্দ্র মাহাত প্রমুখ।