জুলাইযোদ্ধাদের চরমপন্থী গোষ্ঠী আখ্যা
ভারতের জবাব দাবি, অন্যথায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্চ
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সাবেক সেনাসদস্য ও জুলাইযোদ্ধাদের ‘চরমপন্থী গোষ্ঠী’ আখ্যা দিয়ে ভারত সরকারের দেয়া বিবৃতির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জুলাই ঐক্য। তারা এ মন্তব্যকে ভারতের ‘দেউলিয়াত্বের প্রমাণ’ আখ্যা দিয়ে অবিলম্বে দিল্লির কাছে জবাবদিহি চাওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সংগঠক এবি জুবায়ের এ দাবি জানান।
এবি জুবায়ের অভিযোগ করে বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জুলাই ঐক্যের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে ‘চরমপন্থী গোষ্ঠীর আন্দোলন’ হিসেবে উল্লেখ করে কূটনৈতিক শিষ্টাচার ও পররাষ্ট্রনীতির সীমা লঙ্ঘন করেছে। সাবেক দেশপ্রেমিক সেনাকর্মকর্তা ও জুলাইযোদ্ধাদের এভাবে উল্লেখ করা ‘অগ্রহণযোগ্য’ বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ১৭ ডিসেম্বর পূর্বঘোষিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। এতে সাবেক সেনাকর্মকর্তা, রাজনৈতিক দল, সামাজিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ কর্মসূচিকে ‘চরমপন্থী’ বলা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে মন্তব্য করে জুলাই ঐক্য।
তিনি অভিযোগ করেন, জুলাইযোদ্ধাদের চরমপন্থী আখ্যা দিয়ে হত্যাযোগ্য করার ন্যারেটিভ তৈরি করা হচ্ছে।
এ সময় এবি জুবায়ের ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ ৯ অনুযায়ী ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণার দাবি জানায়।
৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তিনি বলেন, ভারতের বক্তব্যের জন্য জবাবদিহিতা নিশ্চিত না হলে ২৩ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মার্চ ও স্মারকলিপি দেবে জুলাই ঐক্য। পাশাপাশি আজ শুক্রবার চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে প্রতিবাদ মিছিল করা হবে।