বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পক্ষে সমর্থন চান মার্কিন রাষ্ট্রদূত
পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ
Printed Edition
কূটনৈতিক প্রতিবেদক
চলমান ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশীদের সমর্থন চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ সমর্থন চান। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরে যাওয়ার ঠিক আগের দিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন মার্কিন রাষ্ট্রদূত। ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব নেয়ার পর চীন থেকে দূরে থাকার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছিলেন ক্রিস্টেনসেন। বাংলাদেশের চীনা দূতাবাস এর প্রতিবাদও করেছিল। অন্য দিকে বিগত জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করেছিল অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, গত রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দুর্দান্ত জয় পেয়ে বিশ্বকাপ নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। তাই আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী এবং সব বাংলাদেশীকে অনুরোধ করতে এসেছিলাম, যেন তারা সামনের ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন। তিনি বলেন, বাংলাদেশীরা ফুটবলপ্রেমী। দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে ভুল হওয়ার আশঙ্কা নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত আসার বিষয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির জানান, রাষ্ট্রদূতের বৈঠকটি ছিল নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সাক্ষাতের বিষয়ে কিছু জানানো হয়নি। গতকাল ব্রিটেনের হাইকমিশনার সারা কুকও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে গণমাধ্যমে জানিয়েছে।