শিশুর স্বপ্ন পূরণ
Printed Edition
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন ১০ বছর বয়সী আন্দ্রেস মিয়েলেস। এমন পরিস্থিতির জন্য দায়ী ভেনেজুয়েলায় হয়ে যাওয়া দু’টি শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পে পুরো পরিবার হারানো আন্দ্রেস নিজের এক পা হারিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। এমন কঠিন সময়ে আন্দ্রেসের চাওয়া ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর একটি স্টিকার। প্রিয় খেলোয়াড়ের স্টিকারটি বিশ্বকাপের অ্যালবামে সাজিয়ে রাখবেন। শিশুটির চাওয়া কোনোভাবে পৌঁছে যায় পর্তুগিজ কিংবদন্তির কাছে। ইচ্ছা পূরণে শিশুটির কাছে একটি ভিডিওবার্তা পাঠান রোনালদো।
সে বার্তায় আন্দ্রেসকে নিজের একটি ম্যাচ দেখতে আসার জন্য বলেছেন রোনালদো, ‘হ্যালো আন্দ্রেস, তুমি কেমন আছো? তোমাকে ভালোবাসা পাঠানোর জন্যই ভিডিওটি করেছি। জানি, তুমি আমার খুব বড় ভক্ত। দ্রুত সুস্থ হয়ে ওঠো। আমি চাই তুমি আমার একটা ম্যাচ দেখতে আসো। তোমার সাথে দেখা করার অপেক্ষায় রইলাম। সাহস রেখো বন্ধু।’
স্টিকারটি ইতোমধ্যে হাতে পেয়েছে আন্দ্রেস। সাথে নিজের সই করা একটি জার্সিও পাঠিয়েছেন ৪১ বছর বয়সী স্ট্রাইকার। পা হারানো ছোট্ট আন্দ্রেসের স্বপ্ন পূরণ করায় প্রশংসায় ভাসছেন রোনালদো। মানবিকতার হাত বাড়ানো অবশ্য এবারই প্রথম নয় তার।