ঝালকাঠিতে শতাধিক লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

Printed Edition

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরের উত্তর পিংড়ি এলাকায় তিন কৃষকের শতাধিক লাউসহ গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। রোববার সকালে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। কৃষক আনোয়ার হোসেনের ছেলে নুর হোসেন জানান, রোববার সকালে পানি দিতে গিয়ে দেখেন তার ক্ষেতের লাউ গাছের গোড়া কেটে ফেলা হয়েছে। তিনি বলেন, ‘গাছগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। ছোট-বড় প্রায় ৪০টি লাউ পরে কেটে নিতে হয়েছে। এ ঘটনায় আমার অনেক ক্ষতি হয়েছে।’

একই এলাকায় থাকা রহমানের ছেলে জুয়েল ও আবু হানিফের ছেলে তাওহীদের ক্ষেতেও একইভাবে লাউ গাছ কেটে ফেলা হয়েছে। তিন কৃষকের ঘটনাটি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন অন্য কৃষকরা। স্থানীয়রা জানান, এমন কর্মকাণ্ডের কারণে কৃষকরা তাদের ফসল রক্ষা নিয়ে গভীর শঙ্কায় রয়েছেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম ও আবির হোসেন বলেন, ঘটনাটি অমানবিক এবং অত্যন্ত দুঃখজনক। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা এবং পরবর্তী ফসল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।