আগৈলঝাড়ায় বাঁশ ব্যবহার করে সেতু নির্মাণের অভিযোগ
Printed Edition
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের দুশমী-করিম বাজার খালের ওপর নির্মাণাধীন একটি সেতুতে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করার অভিযোগের সত্যতা পাওয়ায় সেটি ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক ও উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তীর উপস্থিতিতে শ্রমিক দিয়ে সেতুটি অপসারণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগধা ইউনিয়ন পরিষদের অর্থায়নে ৪৫ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ৫ ফুট প্রস্থের সেতুটি নির্মাণের দায়িত্ব পান রতœপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্রকল্প চেয়ারম্যান সোহেল মোল্লা। এ প্রকল্পে আয়রন স্ট্রাকচারের উপকরণ এবং ঢালাইয়ের জন্য ৭৫ হাজার টাকা বরাদ্দ ছিল।
স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত নকশা অনুযায়ী রড ও ঢালাই ব্যবহার না করে নির্মাণকাজে অনিয়ম করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রশাসনের তদন্তে সেতুর একটি অংশ ভেঙে রডের সাথে বাঁশের কঞ্চি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
তবে অভিযোগ অস্বীকার করে সোহেল মোল্লা বলেন, সেতুতে রড ব্যবহার করা হয়েছে, কোথাও রডের ঘাটতি থাকায় কিছু স্থানে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, তদন্তে রডের সাথে বাঁশ ব্যবহারের বিষয়টি পাওয়া গেছে। এ ঘটনায় ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ইউএনও লিখন বনিক বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় সেতুটি ভেঙে ফেলা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়েছে।