এটিএম বুথে ঘোড়ার হানা!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

স্টেট ব্যাঙ্কের এটিএমে ঘোড়ার হানা! দেখে মনে হচ্ছে তার যেন কোনো বিশেষ কারণে তৎক্ষণাৎ এটিএম থেকে টাকা তোলার প্রয়োজন পড়েছে। বাদামি বর্ণের এক ঘোড়া সামনের দু’পা সিঁড়িতে তুলে এটিএমের কাচের দরজায় ঢুঁসো মেরে চলেছে। ঘোড়ার এটিএমে প্রবেশ করার তাগিদ দেখতে রাস্তা ভরে গিয়েছে পথচারীতে। ভিডিওতে শোনা গেল তাদের কোলাহল। সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ভিডিও অনুসারে ঘটনাটি ঘটে ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসিতে।

ভাইরাল সেই ভিডিওয় দেখা গেছে, রাস্তার পাশে এটিএমের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে একটি বাদামি রঙের ঘোড়া। ঘোড়াটি প্রাণপণে চেষ্টা করে চলেছে এটিএমের ভিতরে প্রবেশ করার। সামনের দু’পা সিঁড়ির উপর তুলে জোর দিয়ে দরজার মধ্যে ঢুঁসো মেরে চলেছে বাদামি ঘোড়াটি। ঘোড়ার কীর্তি দেখতে সারি ধরে দাঁড়িয়ে পড়েছেন পথচারীরা। ভিডিওতে লোকজনের আওয়াজ শুনেই তা আন্দাজ করা গেল। কিন্তু ঘোড়াটি তাদের কাউকে বিশেষ পাত্তা দিলো না। সে সিঁড়ি ধরে উপর-নীচ করতে করতে ঢুঁসো মেরে চলল। শেষমেশ দরজাটি খুলেও গেল। কিন্তু তাকে আর এটিএমের ভিতরে ঢুকতে দেখা গেল না।

‘রবীন্দ্র কুমার’ নামের স্থানীয় সাংবাদিক তার নিজের এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করেছেন। ভিডিওটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিওটি প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। নানা মজার মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ওকে ঢুকতে দাও, ওর টাকার প্রয়োজন আছে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ঘোড়া বলে কি টাকার দরকার হতে পারে না?’’