ছাতকে ডাকসু ভিপি সাদিক কায়েম

ন্যায়-ইনসাফের প্রতীক দাড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করুন

Printed Edition
3rd-5
ছাতকে ছাত্র-নাগরিক সমাবেশ : নয়া দিগন্ত

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশের রাজনীতি হতে হবে বাংলাদেশকেন্দ্রিক। প্রতিবেশী রাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরতা কোনো দেশের সার্বিক উন্নয়ন ও স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, “ভারতমুখী রাজনৈতিক নির্ভরতা দীর্ঘদিন ধরে বাংলাদেশে দেখা গেলেও এখন সময় এসেছে দেশমুখী, জনগণকেন্দ্রিক রাজনীতির। দেশের স্বার্থ ও জনগণের অধিকারই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হওয়া উচিত। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা আব্দুস সালাম আল মাদানীকে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য ছাতকবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল শুক্রবার সকালে সুনামগঞ্জের ছাতক পৌর শহরের ট্রাফিক পয়েন্টে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র ও নাগরিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে কয়েক হাজার ছাত্র, তরুণ, পেশাজীবী ও সাধারণ নাগরিকের উপস্থিতি দেখা যায়। বক্তারা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসনের পক্ষে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন।

ভিপি সাদিক অভিযোগ করে বলেন, দেশে যদি “ফ্যাসিবাদী পদ্ধতিতে” রাষ্ট্র পরিচালনার চেষ্টা করা হয় তবে জনগণই তার জবাব দেবে। “বাংলাদেশের জনগণ কখনোই স্বৈরাচার বা একচেটিয়া রাজনীতিকে সমর্থন করে না। এই দেশের মানুষ গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য আন্দোলন করেছে, ভবিষ্যতেও করবে। বক্তৃতায় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ইতিহাসে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ তিনি গুরুতর অসুস্থ আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। তার এই বক্তব্যে সমাবেশে উপস্থিত বহু মানুষের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাতক পৌর জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট রেজাউল করিম রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফিজ মাজাকির হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী। তিনি বলেন, “দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে শিক্ষিত তরুণদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সুশাসন, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও জবাবদিহিমূলক প্রশাসন ছাড়া একটি দেশের টেকসই অগ্রগতি সম্ভব নয়।”

বিশেষ অতিথি ছিলেন ছাত্রনেতা শাহিন আলম। আরো বক্তব্য রাখেন ছাতক উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা আকবর আলী, সাবেক আমির মাওলানা জালাল উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: আব্দুল কুদ্দুস।