কারাগারে থেকেও নির্বাচনী দৌড়ে শাহ শহীদ সারোয়ার

Printed Edition

ময়মনসিংহ অফিস

কারাগারে থেকেও জাতীয় সংসদ নির্বাচনের দৌড়ে ফিরলেন সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার। নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের স্বতন্ত্র এই প্রার্থী। বর্তমানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় কারাগারে থাকা অবস্থায়ও তার মনোনয়ন বৈধ ঘোষণার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শুনানি শেষে নির্বাচন কমিশন শাহ শহীদ সারোয়ারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর ফলে ময়মনসিংহ-২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রার্থিতার বৈধতা প্রসঙ্গে শাহ শহীদ সারোয়ারের ছেলে শাহ আকিব সারোয়ার বলেন, ‘আমার বাবা একটি ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার আসামি। তিনি বর্তমানে কারাগারে আছেন। আমরা আশা করছি, তিনি শিগগিরই জামিনে মুক্ত হয়ে নির্বাচনে সরাসরি অংশ নিতে পারবেন।’

শাহ শহীদ সারোয়ার ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আওয়ামী লীগ প্রার্থী মরহুম এম শামছুল হককে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ফুলপুর উপজেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৮ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশগ্রহণ করলেও তিনি পরাজিত হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে।