হঠাৎ ঢাকায় কুমকুম

Printed Edition
bino-3
হঠাৎ ঢাকায় কুমকুম

বিনোদন প্রতিবেদক

বেশ কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেই স্থায়ী হয়েছেন একসময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী কুমকুম হাসান। কিছু দিন আগেই তিনি বেড়াতে দেশে এসেছেন। তার সাথে নিয়মিত যোগাযোগ আছে গুণী অভিনেত্রী করভী মিজানের। কুমকুম হাসানের দেশে আসার উপলক্ষে কয়েক দিন আগেই রাজধানীর গুলশানে করভী মিজানের বাসাতেই ছোট্ট এক ঘরোয়া আড্ডার আয়োজন করা হয়। সেখানে করভী মিজানের নিমন্ত্রণে কুমকুম হাসানের সাথে দেখা করতে গিয়েছিলেন নন্দিত দুই অভিনয়শিল্পী ফারজানা চুমকি ও নাজনীন চুমকি। বেশ দীর্ঘ সময় কুমকুম হাসান, করভী মিজান, নাজনীন চুমকি ও ফারজানা চুমকি গল্প, আড্ডায় মেতে ওঠেন। অভিনেত্রী নাজনীন চুমকি বলেন, ‘করভী আপার নিমন্ত্রণেই গুলশানে তার ইবাসায় গিয়ে কুমকুম আপার সাথে দেখা করি। যদিওবা কুমকুম আপার সাথে আমার কোনো কাজ করা হয়ে ওঠেনি। কিন্তু এটা ভীষণ সত্যি, তার সাথে গল্প আড্ডায় মেতে উঠলে বুঝার উপায় নেই যে তার সাথে কাজ করা হয়ে ওঠেনি। ধন্যবাদ করভী আপাকে কুমকুম আপার সাথে আমাদের সুন্দর সময় উপহার দেবার জন্য।’ ফারজানা চুমকি বলেন, ‘একসময় টিভি পর্দায় কুমকুম আপার অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। তিব্বত ব্লু বারের বিজ্ঞাপনে একজন মডেল হিসেবে তার উপস্থিতি এখনো চোখে ভাসে। খুব ভালো লাগল কুমকুম আপা, করভী আপার সাথে সময় কাটিয়ে। সত্যি বলতে কী, এখন তো আসলে সবাই নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত যে, আলাদা সময় বের করাটাও অনেক সময় কঠিন হয়ে পড়ে। তার পরও করভী আপার নিমন্ত্রণে কুমকুম আপার প্রতি শ্রদ্ধা রেখেই এই সময়টা বের করে নেয়া। কুমকুম আপা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভ কামনা।’ এদিকে নাজনীন চুমকি দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘রূপনগর’-এ এখন নিয়মিত অভিনয় করছেন। অন্যদিকে ফারজানা চুমকি এটিএন বাংলায় প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’তে অভিনয় করেন। এ ছাড়াও দুই চুমকিই মঞ্চে এখন বেশ সময় দিচ্ছেন। মঞ্চ নাটকের প্রতি এই সময়ে এদের তাদের নিয়মিত উপস্থিতি দর্শককে মুগ্ধ করছে।