প্রার্থিতা ফিরে পেলেন হুম্মাম দোলন, বাদ ও আনিসুল
Printed Edition
বিশেষ সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার লড়াইয়ে ষষ্ঠ দিনে এসে কারো ‘পৌষ মাস’ আর কারো ‘সর্বনাশ’ হয়েছে। দ্বিতীয় ধাপের আপিল শুনানি শেষে বিএনপির হুম্মাম কাদের চৌধুরী, ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন এবং লেবার পার্টির ডা: মোস্তাফিজুর রহমান ইরান তাদের প্রার্থিতার বৈধতা পেয়েছেন। তবে কপাল পুড়েছে জাতীয় পার্টির (একাংশ) নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের; আপিলেও তার আবেদন খারিজ হয়ে গেছে।
বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ১০৪টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭২ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন, ২৯ জনের আবেদন নামঞ্জুর হয়েছে এবং ১০টি সিদ্ধান্ত অপেক্ষমাণ রাখা হয়েছে। ইসির তথ্য মতে, ছয় দিনে মোট ৩৩৬ জন আপিলে বৈধতা পেয়ে নির্বাচনী মাঠে ফিরেছেন।
বৈধতা পেলেন হুম্মাম কাদের চৌধুরী : চট্টগ্রাম-৭ আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে কমিশন। ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। প্রার্থিতা ফিরে পাওয়ার পর হুম্মাম কাদের বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় সিআইবি প্রতিবেদনে আমি ঋণখেলাপি ছিলাম না। হঠাৎ ৮ জানুয়ারি ষড়যন্ত্রমূলকভাবে আমাকে খেলাপি দেখানোর চেষ্টা করা হয়। তবে আদালতের স্থগিতাদেশ থাকায় কমিশন আমার প্রার্থিতা বৈধ করেছে।
বাদ পড়লেন আনিসুল ইসলাম মাহমুদ : চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে আপিল আদালত। দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সাথে নির্বাচন কমিশনের রেকর্ডে থাকা স্বাক্ষরের মিল না থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়। বিভাগীয় কমিশনারের দেয়া বাতিলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হলো। আনিসুল ইসলাম চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের প্রার্থী ছিলেন। তিনি এই আসনে গতবারও এমপি ছিলেন।
বৈধ হলেন আরিফুর রহমান দোলন ও ডা: ইরান : ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলনের মনোনয়ন ফিরে পাওয়ার আবেদন মঞ্জুর করেছে ইসি। প্রার্থিতা বাছাইয়ে মনোনয়নপত্রে সবকিছু ঠিক থাকলেও জমা দেয়া পাঁচ হাজার ভোটারের তালিকায় দু’জন ভোটারের বিষয়ে ত্রুটির কথা উল্লেখ করে মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন স্থানীয় রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা ফিরে পেয়ে দোলন প্রশাসনের কাছে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানান। অন্য দিকে ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।
অভিযোগ ও পরবর্তী শুনানি আপিলে অংশ নেয়া প্রার্থীদের অনেকেই অভিযোগ করেছেন যে, মাঠ প্রশাসন একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হচ্ছে না। ইসি জানিয়েছে, আজ শুক্রবার জুমার নামাজের পর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৪৮১ থেকে ৫১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার ৫১১ থেকে ৬১০ নম্বর এবং রোববার শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর ও অবশিষ্ট অপেক্ষমাণ আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে।