সৈয়দপুরে অজ্ঞান করে অপহরণ তরুণকে ছুরিকাঘাত
Printed Edition
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে অটোযাত্রীকে চেতনা নাশক দিয়ে অজ্ঞান করে অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেয়ে তাকে ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায় অটোরিকশা চালকবেশী একটি সংঘবদ্ধ চক্র।
গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ওয়াপদা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত রেজওয়ান উল্লাহ উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর তালতলাপাড়া গ্রামের রিকশাচালক মোশাররফ হোসেনের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি।
হাসপাতালে চিকিৎসাধীন রেজওয়ান জানান, মোবাইল ফোন মেরামত করতে শহরে যাওয়ার পথে একটি অটোরিকশায় ওঠেন তিনি। কিছুক্ষণ পর আরো দু’জন ব্যক্তি অটোরিকশায় উঠে তার নাকে চেতনানাশক জাতীয় কিছু ধরলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরলে নিজেকে একটি কক্ষে আটক দেখতে পান। সেখানে অস্ত্রধারী কয়েকজন তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করতে বলে। তিনি টাকা পাওয়া সম্ভব নয় জানালে অভিযুক্তরা তার হাতে ও পেটে ছুরিকাঘাত করে।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা: নাজমুল হুদা বলেন, গুরুতর আহত অবস্থায় রেজওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাত ও পেটে মোট ২০টি সেলাই দিতে হয়েছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।