পাবনায় দুই যুবকসহ বিভিন্ন স্থানে নিহত ৫
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় পাবনার ঈশ্বরদীতে দুই যুবকসহ দেশের বিভিন্ন স্থানে পাঁচজন নিহত হয়েছেন।
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে ঈশ্বরদী পৌর শহরের আলহাজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের শাহজাহান আলীর ছেলে রাব্বি হোসেন রোকেট (২৭) ও একই ইউনিয়নের মানিকনগর গ্রামের গোলাম রসুল মুন্সির ছেলে নিশান মুন্সি (২২)। তারা দুইজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের আত্মীয়স্বজন সূত্রে জানা গেছে, শনিবার রাতে রাব্বি ও নিশান মোটরসাইকেলে করে ঈশ্বরদী থেকে বাড়ি ফেরার পথে আলহাজ মোড় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রাব্বি ও নিশান দুইজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় দুইজনকেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে রাব্বি ও রোববার সকালে নিশান মারা যান।
মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মধুপুরে অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত পথচারী বেরিবাইদ ইউনিয়নে চুনিয়া দিগলবাইদ এলাকার বাসিন্দা এবং মৃত ইয়াছিনের ছেলে আবু হানিফা আলী (৫৫)।
রোববার ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের জলছত্র (ধরদরিয়া) এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ভোরে জলছত্র বাজার মসজিদে ফজরের নামাজ আদায় শেষে তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত দ্রুতগামী পরিবহন তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অরনখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিমল চন্দ পাইন জানান, অজ্ঞাত পরিবহনের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আবু হানিফ মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বগুড়া অফিস ও শাজাহানপুর সংবাদদাতা জানান, বগুড়ার শাজাহানপুর উপজেলায় পণ্যবোঝাই ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত ও এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী ও ট্রাকচালক আহত হয়েছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল ও ট্রাকে আগুন ধরে যায়। রোববার বেলা পৌনে ১টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ (বি-ব্লক) এলাকার মহাসড়কের উড়াল সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মো: রোহান (১৭) জেলার শেরপুর উপজেলার নয়াপাড়া বাগানবাড়ি গ্রামের আশু মিয়ার ছেলে এবং শেরপুর ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। আহত মোটরসাইকেল আরোহী মারুফ হোসেন (১৮)। ট্রাকচালকের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে শেরপুরগামী একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনার পর আগুন ধরে মোটরসাইকেল ও ট্রাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে।
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুম ঘাট ছগিরশাহকাটার নতুন মসজিদের সামনে গতকাল মোটরসাইকেলের সাথে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে সফিউল আলম (২৮) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।
নিহত সফিউল আলম চকরিয়া পৌর শহরের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা সেলিম উদ্দীনের ছেলে বলে নিশ্চিত করেন মালুম ঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মেহেদী হাসান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া থেকে প্রবাসী সফিউল আলম মোটরসাইকেল যোগে কক্সবাজার যাওয়ার পথে মালুম ঘাট ছগিরশাকাটা এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রী বাসের সাথে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।