ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বিপর্যয়কর হতে পারে : লুলা
Printed Edition
রয়টার্স
ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রে ‘সামরিক হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে’ বলে সতর্ক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভা। প্রতিবেশী দেশ ভেনিজুয়েলার কাছাকাছি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান পদক্ষেপের মুখে শনিবার এ হুঁশিয়ারি জানিয়েছেন লুলা।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ভেনিজুয়েলা থেকে ছেড়ে আসা ও দেশটির জলসীমায় প্রবেশ করতে যাওয়া নিষেধাজ্ঞার আওতায় থাকা তেল ট্যাঙ্কারগুলো ‘অবরোধ’ করার আদেশ দিয়েছেন।
ভেনিজুয়েলার নিকোলাস মাদুরো সরকারের ওপর চাপ আরো বাড়াতে দেশটির আয়ের প্রধান উৎসকে লক্ষ্যস্থল করে সর্বশেষ এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। উত্তেজনা বাড়তে থাকার মধ্যে লাতিন আমেরিকার দুই বৃহত্তম অর্থনীতি ব্রাজিল ও মেক্সিকোর প্রেসিডেন্ট লুলা ও ক্লাউদিয়া শিনবাউম ইতোমধ্যে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন।
কিন্তু শনিবার ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর ফোজ দো ইগুয়াসুতে দক্ষিণ আমেরিকার অর্থনৈতিক ও বাণিজ্যিক জোট ‘মার্কোসুর’ এর বার্ষিক শীর্ষ সম্মেলনে লুলা আরো জোরালো একটি বিবৃতি দেন। এতে তিনি বলেন, ‘ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করলে তা বিশ্বের জন্য একটি বিপজ্জনক নজির হবে।’ আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে ফকল্যান্ড যুদ্ধের চার দশকেরও বেশি সময় পর ‘দক্ষিণ আমেরিকা মহাদেশ আবারো অঞ্চলের বাইরের একটি শক্তির সামরিক উপস্থিতির কারণে গভীর দুশ্চিন্তার মধ্যে পড়েছে’, বলেছেন তিনি। মার্কোসুর সম্মেলনের পর এক যৌথ বিবৃতিতে লাতিন আমেরিকার নেতারা, শান্তিপূর্ণ উপায়ে ভেনিজুয়েলায় গণতান্ত্রিক নীতি এবং মানবাধিকার সমুন্নত রাখার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। যৌথ বিবৃতির এই ঘোষণায় স্বাক্ষর করেছেন আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং পানামার প্রেসিডেন্টরা আর বলিভিয়া, একুয়েডোর ও পেরুর ঊর্ধ্বতন কর্মকর্তারা।