নয়া দিগন্তে সংবাদ প্রকাশ

লালমোহনের আজাহার উদ্দীন সড়ক পুনঃসংস্কার

Printed Edition

লালমোহন (ভোলা) সংবাদদাতা

ভোলার লালমোহন উপজেলায় ডা: আজাহার উদ্দীন রোড থেকে ধলীগৌরনগরের চতলা বাজার পর্যন্ত সড়কের পুনঃসংস্কার কাজ শুরু হয়েছে। দৈনিক নয়া দিগন্তে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ উদ্যোগ গ্রহণ করে।

জানা গেছে, সড়কটির সংস্কারকাজ প্রায় দেড় বছর আগে শুরু হলেও নির্ধারিত সময়ে শেষ হয়নি। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজ শুরু করে দীর্ঘদিন গড়িমসি করে অদৃশ্য হয়ে যান। গত ১৮ ডিসেম্বর হঠাৎ রোলার এনে পুরনো ইট ও মাটির ওপর পিচ ঢালাই শুরু করলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। নতুন করে ইট ও খোয়া না দিয়েই কাজ করায় সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে। উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের জিওবি মেইনটেন্যান্স প্রকল্পের আওতায় ৮৫০ মিটার সড়ক সংস্কারে ৫১ লাখ ৯৪ হাজার ৯৩৫ টাকা বরাদ্দ দেয়া হয়। গত ২১ ডিসেম্বর নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিজের নির্দেশে পুনঃসংস্কারের উদ্যোগ নেয়া হয়।