আফগানিস্তান ও ইরাকে নিরীহ মানুষ হত্যার জন্য পশ্চিমাবিশ্ব দায়ী : শারা

Printed Edition
Int-4
আফগানিস্তান ও ইরাকে নিরীহ মানুষ হত্যার জন্য পশ্চিমাবিশ্ব দায়ী : শারা

নয়া দিগন্ত ডেস্ক

সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আহমদ আল-শারা পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করে বলেছেন, আফগানিস্তানের যুদ্ধের ২৫ বছর পর বিশ্ববাসী এখন বুঝতে পারছে কারা প্রকৃত সন্ত্রাসী। দোহায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি আফগানিস্তান ও ইরাকে নিরীহ মানুষ হত্যার জন্য পশ্চিমাবিশ্বকে দায়ী করেন। একই সময়ে আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের ভেতরেও তীব্র সমালোচনা চলছে।

আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম তোলো নিউজের এক খবরে বলা হয়, আহমদ আল-শারা আরো বলেন, ‘আমরা আফগানিস্তান ও ইরাকের যুদ্ধ দেখেছি। সেখানে যারা নিহত হয়েছিল, সবাই ছিল নিরীহ মানুষ। আর এসব নিরীহ মানুষকে যারা হত্যা করেছে, তারাই এখন অন্যদের সন্ত্রাসী আখ্যা দিচ্ছে।’ তার মতে, এই যুদ্ধ সবার আসল পরিচয় প্রকাশ করে দিয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ আফগানিস্তানে চালানো একটি হামলা নিয়ে দেশটির অবসরপ্রাপ্ত জেনারেল মার্ক মিলির তীব্র সমালোচনা করেছেন। ২০২১ সালের ২৯ আগস্ট কাবুলে চালানো ওই মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ১০ জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে সাতজনই ছিল শিশু।

হেগসেথ অভিযোগ করেন, জেনারেল মিলি ওই হামলাকে প্রথমে ‘ন্যায়সঙ্গত আঘাত’ বলে দাবি করেছিলেন। হামলার কয়েক ঘণ্টার মধ্যে বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি স্পষ্ট হলেও, তিনি দুই দিন ধরে সেই ভুল তথ্য বহাল রেখেছিলেন, যা তার চরম অবহেলা ও দায়িত্বহীনতার পরিচায়ক। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের শেষ পর্যায়ে এই ড্রোন হামলাটি চালানো হয়েছিল এবং এটি যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ভুলগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।