তফসিল ঘোষণা হলেও চূড়ান্ত মনোনয়ন পাননি বিএনপির কোনো প্রার্থী
Printed Edition
কালিগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ঝিনাইদহ-৪ (কালিগঞ্জ উপজেলা ও ঝিনাইদহ সদর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে গঠিত) আসনে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এ আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা করেনি। এ নিয়ে রাজনীতিতে চলছে নানা আলোচনা। মনোনয়ন না পেলেও প্রার্থী হতে এখনো আশা ছাড়েননি স্থানীয় বিএনপির কয়েকজন নেতা। তারা এখনো কেন্দ্র ও হাইকমান্ডের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং সমর্থকদের আশ্বস্ত করছেন। ভোটাররা মনে করছেন, এই আসনে বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে জামায়াত মনোনীত প্রার্থীর।
জামায়াতে ইসলামীর প্রার্থী কালীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবু তালিব এলাকায় বিভিন্ন কর্মসূচি নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি ভোটারদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছেন। ইসলামী ছাত্রশিবিরের তিনজন নেতাকর্মী গুম খুনের শিকার হওয়া এ আসনে জামায়াতের জনসমর্থন এখন আকাশচুম্বী। ভোটারদের মতে অন্য দলের প্রার্থী যেই হোক- এ আসনে জামায়াতের সাথেই করতে হবে লড়াই।
এ আসনে মোট ভোটার তিন লাখ ১৯ হাজার ১১ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৬১ হাজার ৮৬১ ও নারী ভোটার এক লাখ ৫৭ হাজার ১৪৫ জন। এ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন পাঁচজন। ভোটকেন্দ্র ১২১টি। জুলাইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়কে ভোটাররা পরিবর্তনের সুযোগ হিসেবে দেখছেন এবং তাদের প্রত্যাশা, এবারই বড় সুযোগ ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার।