নাসিরনগরে সংঘর্ষে বিএনপিকে জড়ানোর প্রতিবাদ
Printed Edition
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রতিক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় বিএনপিকে জড়িয়ে ‘মিথ্যা’ সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি। গতকাল শুক্রবার দুপুরে নাসিরনগর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন দাবি করেন, গত ২৪ মার্চের সংঘর্ষটি ছিল দীর্ঘদিনের ব্যক্তিগত দ্বন্দ্ব ও মানবপাচার চক্রের অর্থ লেনদেন নিয়ে বিরোধের ফল। এর সাথে বিএনপি বা এর কোনো সহযোগী সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। মানবপাচার মামলায় অভিযুক্ত ও বহিষ্কৃত নেতা আবুল কাশেম এবং এক যুবলীগ নেতার মধ্যে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত। বশির উদ্দিন তুহিন আরো বলেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা লুটতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি গণমাধ্যমকে সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। সম্মেলনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরীসহ যুবদল ও ছাত্রদলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।