ঘরের কাজে নবীজি সা:

সাকী মাহবুব

Printed Edition
islam
ঘরের কাজে নবীজি সা:

মানব জাতির জন্য আল্লাহ তায়ালা যে সর্বশ্রেষ্ঠ আদর্শ পাঠিয়েছেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সা:। তাঁর জীবন শুধু ইবাদতের ক্ষেত্রেই নয়; বরং পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক- প্রতিটি ক্ষেত্রেই একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার দিকনির্দেশনা। অনেকেই মনে করেন, ঘরের কাজ শুধু নারীর দায়িত্ব; অথচ রাসূলুল্লাহ সা: নিজেই ঘরের কাজে অংশ নিতেন। তিনি ছিলেন একজন আদর্শ স্বামী, পিতা ও গৃহকর্তা। রাসূল সা:-এর পরিবার ছিল স্নেহ, শ্রদ্ধা ও সহযোগিতার বন্ধনে আবদ্ধ। তার স্ত্রীদের সাথে তিনি সদাচরণ করতেন, তাদের সম্মান দিতেন, দুঃখ-সুখে পাশে থাকতেন এবং সংসারের সব কাজে সাহায্য করতেন। নবীজি সা: কখনোই নিজের স্ত্রীদের গৃহকর্মের ভার একতরফা করে দেননি। হজরত আয়েশা রা: বলেন, ‘নবীজি সা: নিজের কাজ নিজে করতেন। তিনি নিজের জুতা নিজেই সেলাই করতেন, কাপড় সেলাই করতেন এবং ঘরের অন্যান্য কাজ করতেন।’ (বুখারি)। তিনি আরো বলেন, ‘নবীজি সা: ঘরের কাজকর্মে আমাদের সাহায্য করতেন। যখন নামাজের সময় হতো, তখন তিনি নামাজের জন্য বের হয়ে যেতেন।’ (বুখারি) নবীজি সা: নিজের জুতা ছিঁড়ে গেলে তা নিজেই সেলাই করতেন। কাপড় ছিঁড়ে গেলে সেলাই করতেন, যাতে পরিবারকে কষ্ট না হয়। তিনি দুধ দোয়ানো, পানি বহন, ঘর ঝাড়ু দেয়া- এমনকি রান্নাতেও স্ত্রীদের সহযোগিতা করতেন। নবীজি সা: ঘর গোছানো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিতেন। তিনি নিজেও তাতে অংশ নিতেন।

আজ অনেক পুরুষ মনে করে ঘরের কাজ তার মর্যাদার পরিপন্থী। অথচ নবীজি সা: ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠ মানব, তিনিও ঘরের কাজে অংশ নিতেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক শুধু দায়িত্বের নয়; বরং ভালোবাসা ও সহযোগিতার বন্ধন। নবীজি সা: সেটার আদর্শ স্থাপন করেছন। নবীজি সা: কখনো স্ত্রীদের অধীন মনে করেননি; বরং তাদের সহযোগী হিসেবে দেখেছেন। সংসার গড়ার জন্য এই মনোভাব অপরিহার্য। আজকের যুগে অনেক পরিবার ভেঙে যাচ্ছে পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতির অভাবে। যদি স্বামী-স্ত্রী পরস্পরকে সাহায্য করে, একজন আরেকজনের দায়িত্ব বুঝে নেয়, তাহলে পরিবারে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। নবীজির জীবন সেই চিরন্তন শান্তির মূল চাবিকাঠি। রাসূলুল্লাহ সা: আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তিনি শুধু মসজিদে নয়, ঘরের মধ্যেও একজন অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। তার জীবনের এই দিকটি আজকের সমাজে বেশি করে আলোচনার দাবি রাখে। ঘরের কাজে নবীজি সা:-এর অংশগ্রহণ আমাদের শেখায়, গৃহস্থালি কাজ কোনো লজ্জার বিষয় নয়; বরং তা মহানবীর সুন্নাত- অনুসরণযোগ্য, সম্মানের কাজ।

লেখক : শিক্ষার্থী