স্টামফোর্ড ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী শুরু
Printed Edition
২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ ২০২৬) গতকাল শনিবার থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি এ বছর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশসহ একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে।
এ বছর উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের মোট ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ প্রথমবারের মতো এই উৎসবের অফিশিয়াল ভেন্যু পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ১০ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা, বেলা ১টা, বেলা ৩টা ও সন্ধ্যা ৫টায় চারটি করে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এসব প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে উপভোগ করা যাবে।
স্টামফোর্ড ইউনিভার্সিটি অডিটোরিয়ামে শনিবার একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শনী কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভিসি ড. মো: ইউনুছ মিয়া আনুষ্ঠানিকভাবে স্টামফোর্ডে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: জিয়াউল হাসান, রেজিস্ট্রার মুহাম্মদ আবদুল মতিন, ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মতিন রহমান, সহকারী অধ্যাপক ফেরদৌস আলম সিদ্দিকী, ডিরেক্টর ফিন্যান্স মো: মোতাহের হোসেন, জনসংযোগ বিভাগের প্রধান প্রদীপ্ত মোবারকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
উৎসবের প্রথম দিন স্টামফোর্ড ইউনিভার্সিটি অডিটোরিয়ামে প্রদর্শিত হয় আবখাজিয়া/রাশিয়া, অস্ট্রিয়া/ইরান, কসোভো এবং নেদারল্যান্ডস-বেলজিয়াম-জার্মানি যৌথ প্রযোজনার চারটি চলচ্চিত্র। উৎসবের দ্বিতীয় দিন আজ প্রদর্শিত হবে ভারত/পাপুয়া নিউগিনি, রাশিয়া, চীন ও ইরানের চলচ্চিত্র।
১৯৭৭ সাল থেকে রেইনবো ফিল্ম সোসাইটি নিয়মিতভাবে এই উৎসব আয়োজন করে আসছে। এশিয়ান কম্পিটিশন, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ প্যানোরামা, উইমেন ফিল্মমেকারস, স্পিরিচুয়াল, চিলড্রেনস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট, রেট্রোস্পেকটিভ ও স্পেশাল স্ক্রিনিং- এই ৯টি বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। ৯ দিনব্যাপী এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ১৮ জানুয়ারি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে। বিজ্ঞপ্তি।