মিউটেশনে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা : জাহান্দার আলী এমপি

Printed Edition

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, জমির নামজারি বা মিউটেশন করতে গিয়ে অতীতে তিনিও ভোগান্তির শিকার হয়েছেন, এমনকি তার কাছ থেকেও ঘুষ নেয়া হয়েছে। এমন পরিস্থিতি আর হতে দেয়া হবে না। গতকাল শুক্রবার সকালে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহান্দার আলী মিয়া বলেন, তিন দিনের মধ্যে মিউটেশন সম্পন্ন করতে ভূমি অফিসের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। এর বিনিময়ে কেউ অর্থ লেনদেন করলে তার ঠিকানা হবে জেলখানা, না হয় পানির মধ্যে। তিনি দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ার করে বলেন, বিগত সরকারের মতো কেউ যেন স্বৈরাচারী আচরণ না করে। দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি বা কিশোর গ্যাং লালন-পালন করলে মাদারীপুরে তাদের জায়গা হবে না।

পেয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতী ও সোহেল আহমেদ বাদলসহ স্থানীয় নেতারা।