প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহত্যা
Printed Edition
মাদারীপুর প্রতিনিধি
প্রেমিকাকে মোবাইল ফোনে ভিডিও কলে রেখে অনিক আশ্চর্য (৩৫) নামে এক চিকিৎসকের আত্মহত্যা করেছেন। সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকার নূর জাহান কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। নিহত অনিক পাশের এক নম্বর ব্রিজ এলাকার সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগের (ডিএমএফ) চিকিৎসক ছিলেন। তিনি রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের পল্লীচিকিৎসক অঞ্জন আশ্চর্যের ছেলে। গতকাল তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আট বছর ধরে ওই হাসপাতালে কর্মরত অনিক আশ^র্য। ২৪ ঘণ্টা চিকিৎসা দেয়ার সুবিধার্থে টেকেরহাট নূর জাহান কমিউনিটি সেন্টারের ৩য় তলায় ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো সোমবারও ডিউটি থেকে অনিক বাসায় আসেন। এ সময় প্রেমিকার সাথে ঝগড়া করে তাকে মেসেঞ্জারে ভিডিও কলে রেখে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে অনিকের পরিবার জানায়। পাশের নৃপন নামে অন্য এক ব্যক্তি জানালা দিয়ে আত্মহত্যার বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দেন। পরে রাজৈর থানা পুলিশ রুমের দরজা ভেঙে লাশ উদ্ধার করেন। রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।