চকরিয়ায় জামায়াত ও বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী জনসভা
Printed Edition
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের শেষ দিনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রধান দুই প্রার্থীর পক্ষে পৃথক পৃথক স্থানে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রতীকের মনোনীত প্রার্থী আব্দুল আল ফারুক চকরিয়া সরকারি হাইস্কুল মাঠে এবং চকরিয়া পৌর বাসটার্মিনালে বিএনপির প্রার্থী জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া পৌর বাসটার্মিনালে বিকেলে বিএনপির শেষ নির্বাচনী জনসভায় বিএনপির সালাহউদ্দিন আহমদ বলেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছের সুশাসন প্রতিষ্ঠার জন্য। আমরা এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই, যে দেশের মানুষকে ভোটের অধিকারের জন্য আর রক্ত দিতে হবে না ।
এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লা আল ফারুক তার শেষ নির্বাচনী জনসভায় বলেন, এ দেশের ছাত্র-জনতা রক্ত দিয়েছে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। সব মার্কা দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার, আজ সময় এসেছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।
এর আগে সকালে মহিলা সমাবেশে তিনি বলেন, আমরা নির্বাচিত হলে চকরিয়া- পেকুয়ার অন্যায়ভাবে অপসারিত ২১ ইউপি চেয়ারম্যানকে আবার বহাল, নারীসমাজকে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে । ন্যায়, ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ১২ তারিখ সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহবান জানান তিনি।