রকেট কোম্পানি কিনবেন অল্টম্যান

Printed Edition

প্রযুক্তি ডেস্ক

আকাশ ছোঁয়ার স্বপ্ন বুনছেন ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান। সেই ধারাবাহিকতায় রকেট কোম্পানি কিনতে চাইছেন তিনি। পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার স্থাপনের লক্ষ্যে এরই মধ্যে এক রকেট কোম্পানি কিনতে বা তাদের সাথে হাত মেলাতে পারবেন কি না সে বিষয়ে খোঁজ নিয়েছেন অল্টম্যান।

এ বছরই ‘স্টোক স্পেস’ নামের এক রকেট উৎক্ষেপণ স্টার্টআপের সাথে যোগাযোগ করেছিলেন অল্টম্যান। তাদের বিভিন্ন প্রস্তাবের মধ্যে ছিল শত শত কোটি ডলারের বিনিয়োগ। আর এমন সম্ভাবনা বাস্তব হলে ‘স্টোক স্পেস’-এর নিয়ন্ত্রণক্ষমতা ওপেনএআইয়ের হাতে চলে আসতে পারত।

অল্টম্যান ও মাস্কের মধ্যকার বিরোধ বেশ পুরনো। তাদের মধ্যে অদৃশ্য এক প্রতিযোগিতার স্ফুলিঙ্গ সবসময়ই ছড়িয়ে রয়েছে। একসময় সহযাত্রী ছিলেন এ দুই প্রযুক্তি মুঘল।

২০১৫ সালে একসাথে তৈরি করেছিলেন ওপেনএআই। তবে কোম্পানি পরিচালনা আর অর্থায়ন নিয়ে তাদের মধ্যকার দৃষ্টিভঙ্গির ফাটল ধীরে ধীরে বেড়ে ওঠে। শেষমেশ ২০১৮ সালে ওপেনএআই থেকে মাস্ক বিদায় নেন। দুই পথিকের যাত্রা ভিন্ন দিকে মোড় নেয়।

২০২২ সালে চ্যাটজিপিটি চালুর পর ওপেনএআই ও অল্টম্যান বিশ্বে পরিচিত নাম হয়ে ওঠে। এর এক বছর পর মাস্ক অভিযোগ তোলেন, ওপেনএআই ও মাইক্রোসফট বাজারে জেনারেটিভ এআইকে একচেটিয়াভাবে দখল করছে। প্রযুক্তির আকাশেও যেন আবার নতুন দ্বন্দ্বের ঝড় উঠল।

ওই সময় এই জুটি প্রকাশ্যেই একে অপরকে সমালোচনা করেছেন এবং সেই সঙ্ঘাত যেন মাস্ককে প্রেরণা দিয়েছে এআইয়ের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে। ফলে ‘জন্ম’ নিয়েছে মাস্কের এআই স্টার্টআপ ‘এক্সএআই’ ও চ্যাটবট ‘গ্রক’।