এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র
গল্প : অপরিচিতা
Printed Edition
মো. সুজাউদ দৌলা
সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
সুপ্রিয় এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প : অপরিচিতা’ থেকে ২টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : ‘অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি’ উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর : ওপরের উক্তিতে ব্যঙ্গার্থে দেবতা কার্তিকের সঙ্গে অনুপমের তুলনা করা হয়েছে।
দেবী দুর্গার দুই পুত্র। অগ্রজ গণেশ ও অনুজ কার্তিক। দেবী দুর্গার কোলে দেব সেনাপতি কার্তিক অপূর্ব শোভায় ভাস্বর। বড় হয়েও অনুপম কার্তিকের মতো মায়ের কাছাকাছি থেকে মাতৃআজ্ঞা পালনে ব্যস্ত থাকে। তাই পরিণত বয়সেও তার স্বাধীন ব্যক্তিত্বের বিকাশ ঘটে না। ‘অপরিচিতা’ গল্পের অনুপম পরিবারতন্ত্রের কাছে অসহায়। অনুপম ব্যক্তিত্বহীন একটি চরিত্র। উচ্চশিক্ষিত হলেও তার নিজস্বতা বলতে কিছু নেই। তাকে দেখলে মনে হয় আজও সে যেন মায়ের কোলে থাকা শিশুমাত্র। এজন্যই ব্যঙ্গ করে অনুপমকে গজাননের ছোট ভাই কার্তিকের সঙ্গে তুলনা করা হয়েছে।
প্রশ্ন : ‘তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘটটি একেবারে উপুড় করিয়া দিতে দ্বিধা হইবে না’ উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর : বিয়েতে বেশি পরিমাণে পণ পাওয়া যাবে বলেই অনুপমের মামা বিয়েতে রাজি হয়েছিলেন তা বুঝতে পেরেই অনুপমের মনে এমন ভাবোদয়ের সৃষ্টি হয়েছিল।
অনুপম ও তার মামার কাছে কল্যাণীর পরিবারের বৈষয়িক অবস্থার বিবরণ দিয়েছিল হরিশ। হরিশের বর্ণনা অনুযায়ী, একসময় কল্যাণীর বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল, অর্থাৎ ধনসম্পদে পরিপূর্ণ ছিল তারা।
বর্তমানে তাদের অবস্থা কিছুটা খারাপ হলেও তা যৎসামান্য। তাই কল্যাণীর পেছনেই লক্ষ্মীর ঘট, অর্থাৎ সব অর্থ উজাড় করে দিতে দ্বিধা করবেন না তার পিতা সম্ভুনাথ সেন।