জয় উদযাপন করতে গিয়ে প্রাণহানি
Printed Edition
ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জয়ের দেখা পেয়েছে মেক্সিকো। স্মরণীয় এই জয়ের পর বাঁধভাঙা উল্লাসে মেতেছিল মেক্সিকানরা। তবে সেই উৎসব মুহূর্তেই রূপ নেয় শোকে। রাজধানী মেক্সিকো সিটিতে উদযাপনের সময় শ্বাসরোধে তিনজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণী, ৪৮ বছর বয়সী এক নারী ও ৪৪ বছর বয়সী এক পুরুষ রয়েছেন। বিপুল জনসমাগমের মধ্যেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মেক্সিকো সিটি সরকারের তথ্যানুযায়ী, মেক্সিকোর ঐতিহাসিক এই জয় উদযাপন করতে মেক্সিকো সিটির রাস্তায় ১০ লাখের বেশি মানুষ নেমে আসেন। তাদের বেশির ভাগই শহরের কেন্দ্রস্থলে অবস্থিত অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে জড়ো হন। মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মোলিনা নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ‘নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। আগামী দিনগুলোতে তাদের পাশে থাকব।’