যশোর-বাগেরহাটে দুই স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
যশোরের চৌগাছা ও বাগেরহাটের মোংলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই স্কুলশিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় ইউছুফ আলী (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর টু বারোবাজার সড়কে হযরত আলীর মুদির দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইউছুফ ইউনিয়নের হাকিমপুর গ্রামের আব্বাস আলীর (কালুর) ছেলে ও হাকিমপুর পরশমনি কিন্ডার গার্টেন স্কুলে তৃতীয় শ্রেণীর ছাত্র। পুলিশ ট্রাকটি হেফাজতে নিয়েছে।
এ দিকে একই দিন বিকেলে মৃত দাদীকে দেখতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকসিপুর গ্রামের মমিনুর রহমানের ছেলে, খুলনায় একটি বেসরকারি গ্রুপে চাকরি করতেন। দাদীর মৃত্যুর খবর পেয়ে বাড়িতে আসেন। দেবীপুর-নারায়ণপুর সড়কের ইটভাটা এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।
মোংলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, মোংলায় ইজিবাইকের ধাক্কায় সানজিদা আক্তার শিমু (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে মোংলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন নিজ বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তার শিমু ওই এলাকার শামীম হাওলাদারের মেয়ে।
হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: আসমা খানম জানান, সকালে শিমু স্কুলে যাবে, এ জন্য ওর মা ওকে ডিম আনতে বলে, ডিম কেনার জন্য দোকানে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী এলাকায় মোরগ বোঝাই একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। গতকাল ভোর ৬টার দিকের এ ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার মোরগের ক্ষয়ক্ষতি এবং এ ঘটনায় মোবারক হোসেন (৩৭) ও সানি আহমেদ (২৬) নামে দুইজন আহত হয়েছেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের ভৈরব মেঘনাঘাট এলাকার সোহেল মিয়ার জিদান বয়লার হাউজ থেকে সিলেটের বিয়ানীবাজারের উদ্দেশে ৯৫০টি লেয়ার মোরগ নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো ন-১৯২৩৪৪) রোববার রাতে রওয়ানা দেয়। ভোর ছয়টার দিকে ট্রাকটি কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার অতিক্রমকালে চালকের চোখে ঘুমভাবের কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসের পেছনে ধাক্কা লাগে। এতে ট্রাকটিতে থাকা ৩৫০টি মোরগ মারা যাওয়ায় প্রায় দুই লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সরবরাহকারীরা।
দুর্ঘটনায় আহত মোবারক হোসেন ও সানি আহমেদ ভৈরব উপজেলার চন্দিবেথ দক্ষিণপাড়া এলাকার বাচ্চু মিয়া ও হেলাল মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মোরগ সরবরাহকারী মোবারক হোসেন জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় কিছু ব্যক্তি ট্রাক থেকে অনেক মোরগ লুটপাট করে নিয়ে যায়, ফলে ক্ষতির পরিমাণ আরো বেড়ে যায়।