সঙ্কট উত্তরণে আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ

Printed Edition

বিশেষ সংবাদদাতা

দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে বহুল আলোচিত নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হাসান তারেক খানকে এ দায়িত্ব দেয়া হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

গতকাল রোববার জারি করা এক আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয় এবং তা প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি যে ছয়টি দুর্বল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার উদ্যোগ নিয়েছে, আভিভা ফাইন্যান্স সেগুলোর একটি। ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম স্বাভাবিক করতে প্রশাসক নিয়োগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আভিভা ফাইন্যান্সের বর্তমান সঙ্কটের পেছনে রয়েছে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতি। প্রতিষ্ঠানটি আগে রিলায়েন্স ফাইন্যান্স নামে পরিচিত ছিল, যেখানে প্রশান্ত কুমার (পি কে) হালদার ব্যবস্থাপনা পরিচালক এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পি কে হালদারের মেয়াদকালে ব্যাপক অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় নিঃস্ব হয়ে পড়ে। বিপুল পরিমাণ ঋণ অনিয়মের মাধ্যমে বিতরণ করায় খেলাপি ঋণের হার ৮০ শতাংশেরও বেশি হয়ে যায়।

পি কে হালদার দেশত্যাগের পর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে আভিভা ফাইন্যান্স রাখা হলেও এর আর্থিক অবস্থার উন্নতি হয়নি। বরং দীর্ঘদিন ধরে লোকসান ও তারল্য সঙ্কটে ভুগতে থাকে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এস আলম গ্রুপকে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সরানোর উদ্যোগ নেয়া হলে আভিভা ফাইন্যান্স থেকেও সরে দাঁড়ান সাইফুল আলম।

এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটির বিদ্যমান পরিচালনা পর্ষদ ভেঙে দেয় এবং নতুন করে চারজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে পর্ষদ পুনর্গঠন করে। বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো: গোলাম মোস্তফা।