জনগণের রায় হাইজ্যাক করা হয়েছে : মাওলানা রফিকুল

Printed Edition

মো: জাকিরুল হাসান উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াতকে পরাজিত করা হয়েছে এবং জনগণের রায় ‘হাইজ্যাক’ করা হয়েছে। “এ দেশের মানুষ প্রাণ খুলে জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছেন। কিন্তু পরিকল্পিতভাবে আমাদের হারানো হয়েছে। তারপরও বাংলার মানুষের ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ এবং জনগণকে ধন্যবাদ জানাই।”

গতকাল বিকেলে বড়হর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইউনিয়ন জামায়াতের আমির মো: শাহীন আলমের সভাপতিত্বে এবং কে এম আলাউল হকের সঞ্চালনায় আয়োজিত রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “উল্লাপাড়া আমাদের সবার। দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আমরা একটি আধুনিক উল্লাপাড়া গড়ে তুলতে চাই। চাঁদাবাজমুক্ত, নৈরাজ্যমুক্ত ও সন্ত্রাসমুক্ত উল্লাপাড়া গড়াই আমাদের অঙ্গীকার”।

বক্তব্যের একপর্যায়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী এম আকবর আলীর প্রসঙ্গ টেনে বলেন, “এম আকবর আলী ভাই আমার বড় ভাইয়ের মতো। ২০০১ সালে আমি তার নির্বাচন করেছি। এবারের নির্বাচনে আমি জয়ী হয়েছি, তিনি পরাজিত হয়েছেন। তার যথেষ্ঠ অভিজ্ঞতা রয়েছে। তাকে সাথে নিয়ে আমি উল্লাপাড়ার উন্নয়নমূলক সব কাজ করতে চাই।”

রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির ডা: মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা শিবির সভাপতি হাফেজ জাকারিয়া হোসাইন, উল্লাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন, বড়হর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বড়হর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবনেতা সারওয়ার হাসান পুলক প্রমুখ।