দোহাজারীতে জামায়াত নেতার বাড়িতে হামলা লুটপাট

Printed Edition

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী পৌরসদরে পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জমির আদনানের নির্মাধীন বসতবাড়িসহ দুই বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত সোমবার সকালে পৌরসদরের খানবাড়ির ঠাণ্ডা মিয়ার বাড়িতে অন্তত ৪০/৪৫ জনের একটি দল এ হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায় বলে জানা গেছে। এ ব্যাপারে জমির আদনানের চাচাতো বোন হাফছা বেগম বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

স্থানীয়রা জানান, জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে নির্মাণাধীন ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পৌরসভা আমির জমির আদনান জানান, তিনি বাড়িতে না থাকা অবস্থায় তার বাড়িসহ দুই বাড়ি হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। তিনি এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে চন্দনাইশ পৌরসভা জামায়াতে ইসলামীর আমির কাজী কুতুব উদ্দিন বলেন, জমি-জমার বিরোধ থাকতেই পারে, তাই বলে এভাবে সন্ত্রাসী কায়দায় বসতঘর হামলা ও ভাঙচুর করা কোনোভাবেই কাম্য নয়। তিনি হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

দোহাজারী এলডিপি সভাপতি লেয়াকত আলী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, আমি জড়িতদের বিচার দাবি জানাই।