সুন্দরবনে হরিণের গোশতসহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ
Printed Edition
কয়রা (খুলনা) সংবাদদাতা
খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের কাগাদোবেকি এলাকায় কোস্টগার্ডের অভিযানে ১০০ কেজি হরিণের গোশতসহ প্রায় ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে কোস্টগার্ড স্টেশন কাগাদোবেকির একটি দল খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের ঘোলের খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে অবৈধভাবে শিকার করা এ গোশত ও হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত গোশত ও শিকারের ফাঁদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরো জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।