চন্দনাইশে শিক্ষক রফিক আহমেদের ব্যতিক্রমী বিদায়

Printed Edition

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাশেম-মাহবুব উচ্চবিদ্যালয়ের প্রবীণ শিক্ষক রফিক আহমেদকে ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানানো হয়েছে। দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে যাওয়া এ শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয়ভাবে বাড়ি পৌঁছে দেয়া হয়, যা এলাকায় বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

গত বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়–য়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাকাডেমিক সুপারভাইজার বিপিনচন্দ্র রায়।

বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ ধরসহ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষকরা।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা রফিক আহমেদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন।

তার প্রতি সম্মান জানাতে বিকেল থেকেই বিদ্যালয় মাঠে ভিড় জমান শিক্ষার্থীরা। তারা ফুল ও উপহার দিয়ে প্রিয় শিক্ষকের প্রতি ভালোবাসা প্রকাশ করে আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষক রফিক আহমেদকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে শোভাযাত্রার মাধ্যমে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়। এ সময় এলাকাবাসীও তাকে শুভেচ্ছা জানান।

দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে শিক্ষকতা করে যাওয়া রফিক আহমেদের এই ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে।