পাকিস্তানে ড্রোন কারখানা খুলছে তুরস্ক

Printed Edition

ব্লুমবার্গ

পাকিস্তানে সামরিকমানের আক্রমণাত্মক ড্রোন তৈরির জন্য একটি সংযোজন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে তুরস্ক। গত অক্টোবর থেকে প্রকল্পটি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চললেও সম্প্রতি তাতে নতুন গতি এসেছে। এই কারখানা থেকে উৎপাদিত ড্রোন বিদেশে রফতানি করার পরিকল্পনাও রয়েছে।

সূত্র ব্লুমবার্গকে জানিয়েছে, পাকিস্তানে স্টেলথ আক্রমণাত্মক ড্রোন এবং দীর্ঘ সময় আকাশে উড়তে সক্ষম বিমান তৈরি ও সংযোজনের এই উদ্যোগটি আঙ্কারার প্রতিরক্ষা রফতানি বাড়ানোর একটি বৃহত্তর কৌশলের অংশ। তুরস্ক ইতোমধ্যে পাকিস্তানের কয়েক ডজন এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকীকরণের কাজ করেছে। এখন আঙ্কারা পাকিস্তানকে তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘কান’ প্রকল্পে সরাসরি অংশীদার করার বিষয়েও আগ্রহী। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গোরগুন জানান, চলতি বছরের প্রথম ১১ মাসে দেশটির প্রতিরক্ষা রফতানি ৩০ শতাংশ বেড়ে রেকর্ড ৭৫০ কোটি ডলারে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানে ড্রোন কারখানা স্থাপনের মাধ্যমে তুরস্ক দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বাজারে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে চায়, যেখানে বর্তমানে চীন ও ইসরাইলের ড্রোনের আধিপত্য রয়েছে।