ক্লিন্সম্যানের বিশ্বকাপ শেষ!

Printed Edition
khela-2
জার্মান বিশ্বকাপজয়ী জার্গেন ক্লিন্সম্যানের ছেলে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক জনাথন ক্লিন্সম্যান

ক্রীড়া ডেস্ক

ইতালির দ্বিতীয় বিভাগের ক্লাব সেসেনা এফসির হয়ে খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক জনাথন ক্লিন্সম্যান। গত শনিবার পালমেরো এফসির বিপক্ষে ম্যাচে সংঘর্ষের সময় তার ঘাড়ের হাড় ভেঙে যায়। এতে তার জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্নও শেষের পথে।

ক্লাব সূত্রে জানানো হয়েছে, ম্যাচ চলাকালে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সাথে ধাক্কা লেগে ক্লিন্সম্যান মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে চিকিৎসক দল মাঠে প্রবেশ করে তাকে ঘাড়ে সাপোর্ট দিয়ে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যায় এবং সিসিলির একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় তার প্রথম সার্ভাইক্যাল কশেরুকায় (ঘাড়ের উপরের অংশ) ফ্র্যাকচার ধরা পড়ে এবং মাথার পেছনে কাটা জখমেরও সন্ধান মেলে।

বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আরো বিস্তারিত পরীক্ষার জন্য একজন বিশেষজ্ঞ নিউরোসার্জনের তত্ত্বাবধানে নেয়া হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এই চোটের কারণে চলতি মৌসুমে আর মাঠে নামা সম্ভব হবে না বলে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন ক্লিন্সম্যান। একই সাথে তিনি ভক্ত, সতীর্থ ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

২৯ বছর বয়সী এই গোলরক্ষক জার্মান কিংবদন্তি জার্গেন ক্লিন্সম্যানের ছেলে। মিউনিখে জন্ম নেয়া ক্লিন্সম্যান ক্যারিয়ারের শুরুতে এলএ গ্যালাক্সির হয়ে খেলেছেন এবং যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলের প্রতিনিধিত্ব করেছেন। ২০২৫ সালে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেও কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। দুই বছর আগে সেসেনায় যোগ দেয়ার পর থেকে ক্লাবটির হয়ে ৫০টির বেশি ম্যাচ খেলেছেন তিনি। বর্তমানে দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ইংল্যান্ড ও আর্সেনাল ডিফেন্ডার অ্যাশলে কোল। এই দুর্ঘটনা ক্লাব ও সমর্থকদের জন্য বড় ধাক্কা হলেও ক্লিন্সমানের দ্রুত সুস্থতা কামনা করেছেন ফুটবল অঙ্গনের সংশ্লিষ্টরা।