নাটোরে ৭ বছরের শিশু মামলার আসামি!
Printed Edition
নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে সাত বছরের এক শিশুকে মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় আদালতপাড়া ও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার নথিতে দেখা যায়, দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিশুর নাম অভিযুক্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল রোববার দুপুরে আদালতে জামিন আবেদন করলে নারী ও শিশু আদালতের বিচারক রফিকুল ইসলাম জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী শামীম হোসেন জানান, গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা এলাকায় গত ৯ এপ্রিলে পূর্ববিরোধের জেরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘঠে। এ ঘটনায় কয়েকজন আহত হন। পরে ১০ এপ্রিল গুরুদাসপুর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় একাধিক ব্যক্তির নামের ওই এলাকার শাজাহান আলীর ছেলে হুসেন নামে সাত বছর বয়সী শিশুটিকে আসামি করা হয়েছে।
আইনজীবীরা বলেন, ফৌজদারি মামলায় অভিযোগকারী পক্ষ অনেক সময় বিরোধের জেরে পরিবারের সব সদস্যের একসাথে আসামি করে থাকে। তবে কোনো শিশুর নাম যুক্ত হলে তদন্ত সাপেক্ষে বিষয়টি গুরুত্বের সাথে যাচাই করা প্রয়োজন।
নাটোর বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা বলেন, এত ছোট বাচ্চা কী করে এ মামলার আসামি হতে পারে। সঠিকভাবে যাচাই বাছাই করলে এ ধরনের ঘটনা ঘটত না।