টটেনহ্যামকে হারিয়ে স্বস্তি আর্সেনালের
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ড্র। গত ১৩ ফেব্রুয়ারি বোর্নমাউথের বিপক্ষে ১-১ গোলের ড্র। এরপর গত ১৯ ফেব্রুয়ারি ওলভারহ্যাম্পটনের মাঠেও ২-২ গোলে ড্র’তে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। এতে ম্যানচেস্টার সিটির সাথে পয়েন্টের ব্যবধানে দুইয়ে নেমে এসেছিল মিকেল আর্তেতার দলের। অবশেষে ঘুরে দাঁড়িয়েছে এমিরেটসের দলটি। টটেনহ্যাম হটস্পারের মাঠে গত পরশু ৪-১ গোলের জয় আর্সেনালের। এতে করে আবার সিটির চেয়ে ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল বুকায়ো সাকা-লিয়ান্দ্রো ট্রোজার্ডরা। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬১। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি। ২৫ পয়েন্ট নিয়ে অবনমন থেকে চার পয়েন্ট এগিয়ে ১৬ নম্বরে রয়েছে টটেনহ্যাম।
লন্ডনের হটস্পার স্টেডিয়ামে গত পরশু ম্যাচে বল পজিশনে ৬০ শতাংশ এগিয়ে থেকে ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলের দেখা পায় আর্সেনাল। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বল ঠাণ্ডা মাথায় ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন এবেরেচি এজে। সফরকারীদের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য দুই মিনিটও টেকেনি। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের মধ্যে থেকে শটে সমতা টানেন ফরাসি ফরোয়ার্ড কোলো মুয়ানি। ৪৭ মিনিটে আবার আর্সেনালকে এগিয়ে নেন ভিক্টর গায়কেরেস। ৬১ মিনিটে ব্যবধান ৩-১ করেন এজে। আর নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিজেদের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন গায়কেরেস।
এদিন লিগে অবনমন অঞ্চলের কাছাকাছি থাকা নটিংহ্যাম ফরেস্টের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে লিভারপুল। প্রতিপক্ষের মাঠে বাজে পারফরম্যান্সের পর শেষ মুহূর্তে অ্যালেক্সিস ম্যাচ অ্যালিস্টারের একমাত্র গোলে কোনোরকমে ম্যাচ জিতেছে আর্নে স্লটের দল। এই জয়ে ২৭ ম্যাচে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সমান ৪৫ পয়েন্ট হলেও গোল পার্থক্যে পিছিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে লিভারপুল। অবশ্য এক ম্যাচ কম খেলেছে ম্যানইউ। ২৭ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ২৭।
এ দিকে স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের হারের সুযোগ কাজে লাগিয়ে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে বার্সেলোনা। আগের দুই ম্যাচের পরাজয়ে কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও অবনমন অঞ্চলের দল লেভান্তের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছেড়েছে ন্যূ ক্যাম্পের দলটি। নিজেদের মাঠে মার্ক বার্নাল, ফ্রেংকি ডি ইয়ং ও ফের্মিন লোপেজের গোলে প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে সহজে হারিয়ে ২৫ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।