ওসমান হাদিকে গুলির ঘটনায় ডাকসু ও ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে দুর্বৃত্তদের গুলির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ডাকসু।

গতকাল শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি ডাকসু ভবনের সামনে থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো, হাদির বুকে গুলি চলে প্রশাসন কী করে’-সহ নানা স্লোগান দেন।

সমাবেশে হাজী মুহম্মদ মুহসিন হল সংসদের ভিপি সাদিক শিকদার বলেন, সহস ্র শহীদের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি সে বাংলাদেশ যাদের কাছে দিয়েছি সে ইন্টেরিম সরকার জুলাই বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা হাদির ওপর গুলি করা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচার চাই।

ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক এস এম আল মিনহাজ বলেন, ওসমান হাদি ভাইয়ের ঠিক কানের নিচে টার্গেট করে পেশাদার শুটার দিয়ে গুলি করা হয়েছে। হাদির চিকিৎসা নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র যেন না হয় তা নিয়ে আমাদের সজাগ থাকতে হবে।

ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, ওসমান হাদির সংগ্রাম মূলত আমাদের সংগ্রাম। ওসমান হাদির সংগ্রাম জুলাইয়ের সংগ্রাম। তিনি হাদির দ্রুত সুস্থতা কামনা করেন।

শিক্ষার্থীদের বিক্ষোভ

এ দিকে শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যায় বিশ্ব¦বিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে তারা ‘হাদি ভাইয়ের কিছু হলে, আবার একটা জুলাই হবে; হাদির বুকে গুলি চলে প্রশাসন কী করে, বিচার বিচার বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাকিব বলেন, যারা জুলাইকে ভয় পায়, তারাই হাদিকে ভয় পায়। ওসমান হাদি বাংলাদেশের সংস্কারের প্রতি অনুরাগী ব্যক্তিত্ব। হাদিকে গুলি করে আমাদের এ স্লোগান রুখে দেয়া যাবে না।

ঢাবি শিক্ষার্থী আলী হোসেন তন্ময় বলেন, তারা শুধু ওসমান হাদির ওপর গুলি করে নাই, তারা সমস্ত বিপ্লবীর ওপর গুলি চালিয়েছে।

রিয়াদুস জুবাহ ওসমান হাদির ওপর হামলাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে বলেন, এ সন্ত্রাসী হামলা যারা চালিয়েছে তারা পরিচয়হীন অবৈধ সন্তান। আইনের ওপর আমরা সবসময় ভরসা রেখেছি। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা রেখে চলেছি; কিন্তু আজ সে আস্থারই নির্মম পরিণতি- আমাদের প্রিয় হাদি ভাই গুলিবিদ্ধ হয়ে জীবন-মৃত্যুর লড়াই করছেন।