চট্টগ্রাম-৯ আসনে ইশতেহার ঘোষণা ডা: ফজলুল হকের
Printed Edition
চট্টগ্রাম ৯ আসনের জন্য উন্নয়ন, ন্যায়বিচার ও মানবিক মর্যাদাকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সংসদ সদস্য পদপ্রার্থী ডা: এ কে এম ফজলুল হক।
সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম-৯ আসন একটি ঘনবসতিপূর্ণ নগর ও শিল্পাঞ্চলভিত্তিক এলাকা। এখানে শ্রমজীবী মানুষ, নারী কর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী ও তরুণ সমাজই মূল চালিকাশক্তি। কিন্তু অপরিকল্পিত নগরায়ন, জলাবদ্ধতা, কর্মসংস্থানের সঙ্কট ও নাগরিক সেবার ঘাটতি মানুষের জীবনকে প্রতিনিয়ত কঠিন করে তুলছে। তবে এই বাস্তবতা পরিবর্তন করাই তার ডা: ফজলুল হকের মূল লক্ষ্য। এ ছাড়াও ক্ষমতা নয়, জনগণের সেবাই আমাদের অগ্রাধিকার বলেও জানান তিনি।
ইশতেহারে স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি ওয়ার্ডে আধুনিক কমিউনিটি হেলথ সেন্টার স্থাপনের অঙ্গীকার করা হয়। একই সাথে মা ও শিশু স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ২৪ ঘণ্টার জরুরি চিকিৎসা, স্বল্প খরচে ডায়াগনস্টিক সুবিধা এবং টেলিমেডিসিন চালুর কথা জানান তিনি।
শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়ে ডা: ফজলুল হক বলেন, ডিজিটাল ও আধুনিক শিক্ষাব্যবস্থার পাশাপাশি তরুণদের জন্য অও সার্টিফিকেশন কোর্স, রোবোটিক্স ট্রেনিং ইনস্টিটিউট ও সায়েন্স ক্লাব গঠন করা হবে। পাবলিক লাইব্রেরি, শিক্ষাবৃত্তি ও ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে কর্মমুখী মানবসম্পদ তৈরির প্রতিশ্রুতিও দেন তিনি।
চট্টগ্রামের দীর্ঘ দিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ডেটা-ভিত্তিক মাস্টার ড্রেনেজ প্ল্যান, খাল-নালা পুনঃখনন এবং পরিকল্পিত পানি নিষ্কাশনব্যবস্থার কথা তুলে ধরেন এই প্রার্থী।
আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন। পাশাপাশি সিসিটিভি নজরদারি ও কমিউনিটি পুলিশিং জোরদার করার কথা জানান। মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের সদস্যদের জন্য কাউন্সেলিং ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
নারী অধিকার প্রসঙ্গে ডা: ফজলুল হক বলেন, গার্মেন্টসহ সব সেক্টরে কর্মরত নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, সমান কাজের জন্য সমান মজুরি, মাতৃত্বকালীন ছুটি ও ডে-কেয়ার সুবিধা নিশ্চিত করা হবে। যৌন হয়রানি প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
তিনি চট্টগ্রাম-৯-কে একটি আধুনিক, কর্মসংস্থানসমৃদ্ধ ও মানবিক নগর জনপদ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি।