ওয়ানডে দিয়ে টেস্ট হতাশা ভুলতে চায় বাংলাদেশ
Printed Edition
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে টেস্ট সিরিজের হতাশা ভুলতে চায় সফরকারী বাংলাদেশ। আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। খেলাটি সরাসরি দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। ওয়ানডের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারে বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র হলেও দ্বিতীয় ও শেষ টেস্ট ইনিংস ও ৭৮ রানে হারে নাজমুল হক শান্তর দল।
ইনজুরি থেকে সুস্থ হয়ে ওয়ানডে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। ফলে বাংলাদেশ দলের পেস আক্রমণ আরো শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে আড়াই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম। আরো ফিরেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না পাওয়া উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস, মিডল অর্ডার ব্যাটার শামীম পাটোয়ারী এবং বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। বাদ পড়েছেন সৌম্য সরকার এবং নাসুম আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেন দলের দুই অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহীম এবং মাহমুদুল্লাহ রিয়াদ।
প্রথম টেস্টে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্সে আধিপত্য বিস্তার করে ম্যাচ ড্র করলেও দ্বিতীয় টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হেরে সিরিজ খোয়ায় বাংলাদেশ। তাই টেস্ট সিরিজের ব্যর্থতা ওয়ানডে সিরিজে প্রভাব ফেলতে পারে বলে অনেকেই ধারণা করছেন। তবে উল্টোটাই ভাবছে মিরাজ বাহিনী। ওয়ানডে জিতে টেস্টের কষ্ট ভুলতে চান তারা।
ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফির পর আবার বাংলাদেশ নিজেদের স্বাচ্ছন্দ্যের ফরম্যাটে খেলতে নামছে। নতুন অধিনায়ক, পুরোনো চেনা প্রতিপক্ষ। কেমন করবে বাংলাদেশ? টেস্ট সিরিজ হারের ক্ষত ভুলে ওয়ানডেতে কি পারবে লড়াই করতে, জয় ছিনিয়ে আনতে? লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে স্থায়ী অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন মেহেদি হাসান মিরাজ। সিরিজের ঠিক আগে এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হয়েছেন মিরাজ। ওয়ানডে সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক জানান, ‘ওয়ানডে সিরিজে লড়াই হবে এবং ভালো করার ব্যাপারে আশাবাদী।’
এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৫৭ ম্যাচ খেলে বাংলাদেশের জয় মাত্র ১২টি। ৪৩টিতে হার ও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তবে, দু’দলের শেষ পাঁচ দেখায় বাংলাদেশ তিনটিতে জিতেছে এবং দু’টিতে হেরেছে। সেটিই উজ্জীবিত করছে লাল-সবুজের স্কোয়াডকে। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ওয়ানডে রেকর্ডও হতাশার। ২৪ ম্যাচে মাত্র ২টিতে জয়, ২০টিতে হার ও ২টি পরিত্যক্ত হয়েছে।
২০২৪ সালের মার্চে সর্বশেষ ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এর পর আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু’টি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে হারের পর উইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ।
বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা দল : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, নিশান মাধুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানাগে, দুনিথ ওয়েল্লালাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, মিলান রতœায়েকে (ফিট থাকা সাপেক্ষে), দিলশান মাধুশঙ্কা, আসিথা ফার্নান্দো ও ইশান মালিঙ্গা।