পৃষ্ঠপোষকতাভিত্তিক ব্যবসা-বাণিজ্যের অবসান ঘটানো হবে : আমীর খসরু

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে পৃষ্ঠপোষকতাভিত্তিক ব্যবসা-বাণিজ্যের অবসান ঘটিয়ে সামনে সমান প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আগামী দিনে বাংলাদেশে পেট্রোনাইজড (পৃষ্ঠপোষকতা) ব্যবসা চলবে না। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা হবে ইনশা আল্লাহ।

গতকাল ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ (জিটিবি) ও গ্যাপেক্সপো প্রদর্শনীর উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। এএসকে ট্রেড শো অ্যান্ড এক্সিবিশন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) প্রদর্শনীর এই আয়োজন করে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান, বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএপিএমইএর সভাপতি মো: শাহরিয়ার, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনসের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া।

আমীর খসরু বলেন, দেশের শতভাগ রফতানিমুখী যেকোনো শিল্পপ্রতিষ্ঠানকে ব্যাক-টু-ব্যাক এলসি সুবিধা ও বন্ডেড ওয়ারহাউজ সুবিধার আওতায় আনা হবে। তিনি বলেন, ‘তৈরী পোশাক শিল্প যে সুবিধা পাচ্ছে, অন্য সব রফতানি খাতও সেই সুযোগ পাবে। কেউ বঞ্চিত থাকবে না।’

বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে আত্মনিয়ন্ত্রণ বা সেলফ-রেগুলেশন ব্যবস্থার ওপরও গুরুত্ব দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আপনাদের অ্যাসোসিয়েশন (বাণিজ্য সংগঠন) থেকেই অসৎ কর্মকাণ্ডে বাধা দিতে হবে। সেলফ রেগুলেশন থাকলে সরকারেরও সেখানে হস্তক্ষেপের দরকার নেই।’