কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে’ দখলের ইঙ্গিত ট্রাম্পের

Printed Edition

এনবিসি নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করার ইঙ্গিত দিয়েছেন।

শুক্রবার টেক্সাস সফরের উদ্দেশ্যে হোয়াইট হাউজ ছাড়ার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তবে এই বিশেষ ধরনের দখলের প্রকৃতি বা প্রক্রিয়া সম্পর্কে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা প্রদান করেননি।

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন কিউবা তার ইতিহাসের অন্যতম কঠিন অর্থনৈতিক ও জ্বালানি সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে এবং ওয়াশিংটনের সাথে দেশটির সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বর্তমানে কিউবার শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন। কিউবার বর্তমান শোচনীয় অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটির সরকারের কাছে এখন কোনো অর্থ বা সম্পদ অবশিষ্ট নেই, যার ফলে তারা নিরুপায় হয়ে ওয়াশিংটনের সাথে সংলাপে বসছে।

ট্রাম্পের মতে, দশকের পর দশক ধরে বৈরী অবস্থানে থাকা এই দ্বীপরাষ্ট্রটি বর্তমানে একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে এবং তারা এখন টিকে থাকার জন্য আমেরিকার সরাসরি সাহায্যপ্রার্থী। তিনি আরো ইঙ্গিত দিয়েছেন যে, কিউবার অর্থনীতি এতটাই দুর্বল হয়ে পড়েছে যে সেখানে কোনো সামরিক অভিযানের প্রয়োজন নাও হতে পারে, কারণ দেশটি নিজের ভারেই ভেঙে পড়ার উপক্রম হয়েছে। কিউবার এই বর্তমান পরিস্থিতির পেছনে আঞ্চলিক রাজনীতির বড় প্রভাব রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।