মিরসরাইয়ে বিলুপ্তপ্রায় মথুরা পাখি উদ্ধার
Printed Edition
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাইয়ে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি স্ত্রী মথুরা পাখি উদ্ধার করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বিএসআরএম কারখানা এলাকা থেকে পাখিটি উদ্ধার করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর সদস্যরা এটি উদ্ধার করেন।
সংগঠনটির পরিচালক ইসমাইল মিথুন ও যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় জানান, কারখানার ভেতর পাখিটিকে পড়ে থাকতে দেখে রনি নামের এক কর্মী তাদের খবর দেন। উদ্ধার হওয়া পাখিটির ডানায় আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে সেটি তাদের তত্ত্বাবধানে আছে। সুস্থ হওয়ার পর পাখিটিকে গহিন বনে অবমুক্ত করা হবে। তারা আরো জানান, এ ধরনের পাখি সচরাচর লোকালয়ে দেখা যায় না। এ পাখি মূলত গভীর পাহাড়ের বাসিন্দা।
মিরসরাই উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ বলেন, উদ্ধার হওয়া পাখিটি ‘কালিজ ফেজ্যান্ট’ বা মথুরা প্রজাতির। এটি বর্তমানে বিলুপ্তপ্রায়। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী এসব পাখি শিকার, কেনাবেচা বা আটকে রাখা দণ্ডনীয় অপরাধ। পাখিটি উদ্ধারের উদ্যোগকে বন বিভাগ সাধুবাদ জানিয়েছে। বর্তমানে স্থানীয় বন কর্মকর্তাদের পরামর্শে পাখিটির চিকিৎসা চলছে।