সিটির ড্রয়ে এগিয়ে আর্সেনাল

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ব্রাইটন অ্যান্ড হোভের মাঠে অনেকটা এলোমেলো ফুটবল খেলে আর্সেনাল। তার পরও ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি প্রতিপক্ষের মারাত্মক ভুলের সুযোগ কাজে লাগিয়ে জয় নিয়েই ফিরেছে গানাররা। বুকায়ো সাকার একমাত্র গোলে ১-০তে জিতেছে মিকেল আর্তেতার দল। একই সময়ে শুরু হওয়া লিগের অন্য ম্যাচে নিজেদের মাঠে নটিংহ্যাম ফরেস্টে হোঁচট খেল ম্যানচেস্টার সিটি। এদিন জোয়াও পেদ্রোর হ্যাটট্রিকের সুবাদে অ্যাস্টন ভিলাকে হারিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে চেলসি। ১০ জনের দল নিউক্যাসলের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

জার্মান বুন্দেসলিগায় এ দিন ক্রিশ্চিয়ান কোফানের একমাত্র গোলে হামবুর্গকে হারিয়ে ২৪ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে দুই অবস্থান করছে বরুশিয়া ডর্টমুন্ড। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চূড়ায় বায়ার্ন মিউনিখ।

প্রিমিয়ার লিগে ব্রাইটনের মাঠে ম্যাচের শুরুতেই এলোমেলো হয়ে আর্সেনাল গোলরক ডেভিড রায়া বল তুলে দেন প্রতিপক্ষের পায়ে। তিনি বেশ খানিকটা এগিয়ে থাকায় ওপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে শট নেন কার্লোস বালেবা। কিন্তু শেষ মুহূর্তে কোনোমতে সেটি ঠেকিয়ে দেন গাব্রিয়েল মাগালহেস। ৯ মিনিটে এবার ব্রাইটনের গোলরক্ষকের হাস্যকর ভুল। ডান দিকে একজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকেই শট নেন বুকায়ো সাকা। বল গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের সোজাসুজি থাকলেও গ্লাভসে না নিয়ে পা দিয়ে আটকানোর চেষ্টা করলে পায়ে লেগে চলে যায় জালে। ওই গোলকে পুঁজি করেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে মিকেল আর্তেতার দল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ২৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে ব্রাইটন।

এ দিন লিগের অন্য ম্যাচে ভিল্লা পার্কে চেলসির বিপক্ষে ম্যাচ শুরুর ২ মিনিটে ডগলাস রুইসের গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। ওই গোলই শেষ হয়ে গেল ভিল্লা পার্কের দলটির। ৩৫ মিনিটে ব্লুজদের সমতায় ফেরান জোয়াও পেদ্রো। প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে জোড়া পূর্ণ করে চেলসিকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। ৫৫ মিনিটে চেলসিকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন কোল পালমার। ৯ মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন পেদ্রো। এই জয়ে ২৯ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে চেলসি। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অ্যাস্টন ভিলা।

দুইবার এগিয়ে যাওয়া ম্যানচেস্টার সিটিকে রুখে দিলো নটিংহ্যাম ফরেস্ট। অ্যান্টোয়ান সেমেনিও সিটিকে এগিয়ে নেয়ার পর সমতা ফেরান মর্গান গিবস-হোয়াইট। এরপর রদ্রির গোলে আবার লিড পায় স্বাগতিকরা। কিন্তু এলিয়ট অ্যান্ডারসনের গোল ৩ পয়েন্ট পেতে দেয়নি ইত্তিহাদের দলটিকে। এই ড্রর ফলে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা ফরেস্ট ২৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে রয়েছে ১৭ নম্বরে।