টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী

Printed Edition
3rd-2
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন : নয়া দিগন্ত

পানিসম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, পানি শুধু জীবনের উৎস নয়, এটি সমতা ও ন্যায্যতার প্রতীক। সবার জন্য নিরাপদ ও পর্যাপ্ত পানির নিশ্চয়তায় একটি ন্যায়সংগত ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেন, টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় সঠিক কর্মপরিকল্পনা ও পদক্ষেপ নিতে হবে।

গতকাল রাজধানীর পান্থপথে পানি ভবনে বিশ্ব পানি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, পানির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য উদ্যোগ নেয়া প্রয়োজন। বন্যার পানি একদিকে মানুষকে দুর্ভোগে ফেলে দেয় অপরদিকে খরায় পানির অভাবে মানুষের জীবন-জীবিকা ব্যাহত হয়।

প্রতিমন্ত্রী আজাদ বলেন, পানি মানুষের জীবন-জীবিকা ও আর্থসামাজিক অবস্থার সাথে জড়িত। উত্তরাঞ্চলকে মরুভূমি এবং দক্ষিণাঞ্চলকে লবণাক্ততার হাত থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন পানিম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, অনলাইনে বক্তব্য রাখেন সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো: আতাউর রহমান স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: এনায়েত উল্লাহ। বিজ্ঞপ্তি।