হবিগঞ্জ-২ আসনে লড়াইয়ের আভাস ডা: সাখাওয়াত হাসান-মাওলানা আজাদের

Printed Edition

এস এম খোকন বানিয়াচং (হবিগঞ্জ)

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনটি গঠিত হয়েছে বানিয়াচংয়ের ১৫টি এবং আজমিরীগঞ্জের পাঁচটি মিলে মোট ২০টি ইউনিয়ন নিয়ে। এই বৃহৎ সংসদীয় এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক জল্পনাকল্পনা ও তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা: সাখাওয়াত হাসান জীবন। অন্য দিকে ৮ দলীয় জোটের পক্ষ থেকে মাঠে নামছেন জনপ্রিয় আলেম ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। দুই প্রার্থীই এলাকায় সুপরিচিত এবং তাদের নিজস্ব ভোটব্যাংক ও জনসমর্থন রয়েছে। ফলে শুরু হয়েছে সরব আলোচনা-সমালোচনা, গরম হয়ে উঠেছে রাজনীতি।

বিএনপির সংগঠিত ভোট, দলের জনপ্রিয়তা ও ডা: সাখাওয়াত হাসানের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা তাকে বেশ এগিয়ে রাখছে। অপর দিকে আট দলের সম্মিলিত শক্তি, ইসলামী ঘরানার ভোট এবং মাওলানা আব্দুল বাছিত আজাদের সামাজিক ও ধর্মীয় প্রভাব তাকেও দিয়েছে শক্ত অবস্থান।

২০ ইউনিয়নের বিশাল এই আসনে দুই প্রার্থীর সমর্থকরা মাঠে দৌড়ঝাঁপ শুরু করেছেন। গ্রামে গ্রামে গণসংযোগ, পথসভা ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হবিগঞ্জ-২ আসনে এবারের নির্বাচন হবে হাইভোল্টেজ। শেষ মুহূর্ত পর্যন্ত বোঝা কঠিন হবে কার দিকে যাবে বিজয়ের পাল্লা। ভোটারা বলছেন, এবারের ভোট হবে বেশ জমজমাট।