কূটনীতিকদের সম্মানে ইফতারে তারেক রহমান
বিভিন্ন দেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক আরো শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বলেও উল্লেখ করেন তিনি। গতকাল শুক্রবার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ইফতারের আয়োজন করা হয়। ইফতারের আগ দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, আজকের এই ইফতার শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি আমাদের স্মরণ করিয়ে দেয় নানা জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ঐক্যের গুরুত্বের কথা। এই মূল্যবোধই একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনের ভিত্তি।
স্বাধীনতা রক্ষা, মানবাধিকার নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের দৃঢ় অবস্থানের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা, নারীদের আরো বেশি ক্ষমতায়ন ও উৎসাহ প্রদান এবং নতুন উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় একসাথে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
শুভেচ্ছা বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ সমমর্যাদা, পারস্পরিক স্বার্থ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয়।
ইফতার অনুষ্ঠানে এসে আমন্ত্রিত অথিতিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইফতারে প্রধানমন্ত্রীর টেবিলে তার ডান পাশে ছিলেন সহধর্মিণী ডা: জুবাইদা রহমান। বাম পাশে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। প্রধানমন্ত্রীর টেবিলে বসে সাথে ইফতার করেন ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ধর্মপাল বীরাককোডি।
এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ফ্রান্স, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, ফিলিস্তিন, রাশিয়া, থাইল্যান্ড, কাতার, ওমানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা ইফতারে অংশ নেন।
বর্তমান সরকারের মন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ, প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, খলিলুর রহমান, মিজানুর রহমান মিনু, জহির উদ্দিন স্বপন, আ ন ম এহছানুল হক মিলন, খন্দকার মুক্তাদির চৌধুরী, জাকারিয়া তাহের সুমন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, শেখ রবিউল আলম, আরিফুল হক চৌধুরী, আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শামা ওবায়েদ, নিতাই রায় চৌধুরী, আসাদুল হাবিব দুলু, মো: আসাদুজ্জামান ও ইশরাক হোসেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে ছিলেন রাশেদ আল মাহমুদ তিতুমীর, ব্যারিস্টার হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, ডা: জাহেদ উর রহমান, মাহদী আমিন।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এমামুল হক চৌধুরী, জিয়া উদ্দিন হায়দার ও রাশেদুল হক।
এ ছাড়া মন্ত্রীপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
বিএনপির এমপিদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সরকার এবং সরকারি দলের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১২ মার্চ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের একটি প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।
রুদ্ধদ্বার এই কর্মশালার উদ্বোধনী পর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা জানান, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী; আচরণবিধি; বিল প্রণয়ন ও পর্যালোচনা; বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ ও সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধি-বিধান নবনির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হয়েছে। দিনভর অভিজ্ঞ এমপিরা তাদের অভিজ্ঞতা নতুনদের কাছে তুলে ধরেছেন। মূলত সরকার এবং সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার উদ্দেশ্য।
আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন। অধিবেশনকে সামনে রেখে নতুন এমপিদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণের আয়োজন করেছে বিএনপি।
কর্মশালায় সংসদ কার্যকর করতে সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে তুলে ধরেন সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ এমপিরা দুই দিনের কর্মশালায় প্রথম দিন সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশ অংশ নিয়েছেন। এবং শেষ দিন আজ শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি এমপিরা এবং বিকালের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হন। যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে যাবেন। ফলে নতুন এমপিদের সংসদীয় বিধিবিধান ও কার্যপ্রণালী সম্পর্কে অভিজ্ঞতা নেই।
দলের এক জ্যেষ্ঠ নেতা জানান, কিভাবে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে হয়, বিল প্রণয়ন ও পর্যালোচনা করে আলোচনায় অংশ নিতে হয়, নিজের এলাকায় সমস্যা কিভাবে তুলে ধরতে হয়, রাষ্ট্রপতির দেয়া ভাষণের ধারার কী বিষয় নিয়ে আলোচনা করতে হয় এবং সংসদ অধিবেশনে এমপিদের উপস্থিতি নিশ্চিত করা বিষয়ে কর্মশালায় দলের বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়েছে। আজ শেষ দিনও সংসদের বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনা প্রদান করা হবে।
জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত হোসেনের পাশে প্রধানমন্ত্রী
চব্বিশের গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত মো: হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের ছুরিচালা এলাকায় আহত হোসেন আলীর সাথে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল।
সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে দলে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম।
প্রতিনিধিদলটি হোসেন আলীর পরিবারের সাথে কথা বলে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন।
পাশাপাশি নতুন করে একটি চায়ের দোকান দিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তাও ভুক্তভোগীর হাতে তুলে দেয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য মমতাজ উদ্দিন রেনু; ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ; বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ; এমট্যাবের সহসভাপতি শহীদুল আমিন ও ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতারা।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে চিকিৎসা ও পুনর্বাসনের আবেদন জানান হোসেন আলী।