বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি
Printed Edition
বেনাপোল (যশোর) সংবাদদাতা
রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িত পলাতক আসামিরা যাতে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সীমান্তজুড়ে কড়া নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্র জানায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৭০ দশমিক ২৭৪ কিলোমিটার সীমান্ত এলাকায় বিশেষ তল্লাশি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। যেখানে কাঁটাতারের বেড়া নেই, সেসব সীমান্ত এলাকাকে কার্যত সিলগালা করে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ওসমান হাদির ওপর হামলার সাথে জড়িত কেউ যাতে সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। তিনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অপরাধমূলক তৎপরতা রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছে বিজিবি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নজরদারি অব্যাহত থাকবে।