তিন জেলায় মোটরসাইকেল আরোহী ৫ জন নিহত
ঘন কুয়াশায় এক্সপ্রেস ওয়েতে একাধিক দুর্ঘটনায় আহত ৩০
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জেলায় এক ব্যবসায়ীসহ মোটরসাইকেল আরোহী পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেস ওয়েতে একাধিক দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জের সিংগাইরে খেজুরের রস খেতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্কুল ও কলেজ পড়ুয়া দুই শিক্ষার্থী।
শুক্রবার সকালে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গাড়াদিয়া এলাকায় মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হয়েছেন বলে সিংগাইর থানার ওসি মো: মাজহারুল ইসলাম জানিয়েছেন।
নিহতরা হলেন, সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন) সন্দ্বীপ এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ ইউসুফ (১৫) ও মো: জাফর মিয়ার ছেলে মাহমুদুল হাসান মিরাজ (১৯)। ইউসুফ সাভার ডেইরি ফার্ম হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। আর মিরাজ সাভার সিএফএম কলেজ থেকে সবে মাধ্যমিক শেষ করেছে।
নিহতের স্বজন ও বন্ধুরা জানান, সাভারের সন্দীপ এলাকা থেকে মোটরসাইকেলে ১২-১৩ জনের একটি দল সিংগাইর উপজেলায় খেজুরের রস খেতে আসেন। ফেরার পথে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গাড়াদিয়া এলাকায় একটি মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
শরীয়তপুর প্রতিনিধি জানান, শরীয়তপুরের নড়িয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এরশাদ খান (৩৫) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে নড়িয়া থানা পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নড়িয়া-শরীয়তপুর সড়কের নড়িয়া প্রাণিসম্পদ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নড়িয়া থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নড়িয়া পৌরসভার দক্ষিণ নড়িয়া গ্রামের মেছের খানের ছেলে এবং নড়িয়া বাজারের ফল ব্যবসায়ী এরশাদ খান বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে নড়িয়া বাজারে যাচ্ছিলেন। পথে নড়িয়া প্রাণিসম্পদ অফিসের সামনে একটি সিমেন্ট বোঝাই ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে গেলে পেছনের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে বগুড়া-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলাধীন কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া (দূর্গাপুর) এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জনি (৩৯) এবং উপজেলার নাকাই ইউনিয়নের মালিনিপাড়া এলাকার শাহজালালের ছেলে সিদ্দিকুর রহমান (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহীরা ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা ফ্লাইওভারে ওঠার সময় একটি দ্রুতগতির ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। দুর্ঘটনায় ট্রাকের হেলপারসহ মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঘন কুয়াশার কবলে পড়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ ঘণ্টায় একের পর এক দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এক্সপ্রেসওয়ের তিনটি স্থানে বাস, ট্রাক ও কভার্ডভ্যানের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায়। এ সময় দ্রুতগতির ‘গোল্ডেন লাইন’ ও ‘সাদ আব্দুল্লাহ’ পরিবহনের দু’টি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
এরপর কুয়াশার তীব্রতা বাড়লে রাত ১টার দিকে লৌহজং উপজেলার মেদেনীমণ্ডল এলাকায় বাস, ট্রাক ও কভার্ডভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরো কয়েকজন যাত্রী আহত হন।
সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে শুক্রবার ভোর ৫টার দিকে শ্রীনগরের ছনবাড়ী এলাকায়। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় একটি বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। পৃথক এই তিনটি দুর্ঘটনায় আহতের সংখ্যা ২০ ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
শ্রীনগর ফায়ার স্টেশনের অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানা সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত একটি বাস ও একটি ট্রাক জব্দ করে থানায় নেয়া হয়েছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখতে চালকদের প্রতি বারবার সতর্ক করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জানান, ঘন কুয়াশার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের চৌরাস্তা ট্রমা সেন্টার সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারসহ চারটি যানবাহনের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন। শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেওয়ের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের চৌরাস্তা ট্রমা সেন্টার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানা পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন সড়ক থেকে রেকার দিয়ে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
শিবচর হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে খুলনা থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেওয়ের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের চৌরাস্তা ট্রমা সেন্টার সংলগ্ন এলাকায় এলে ঘন কুয়াশার কারণে সামনে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ও আরেকটি প্রাইভেট কার দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টির সাথে সংঘর্ষ হয়। এতে বাসে থাকা কমপক্ষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে এবং শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।