কামরাঙ্গীরচরে দুই গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে পথচারী নিহত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে ছুরিকাঘাতে মো: রকি (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোররাতে বড়গ্রাম মাতাব্বর বাজার হারিকেন ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

রকিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রানা জানান, রকি পেশায় একজন শ্রমিক। তিনি রাতে একটি কারখানায় কাজ শেষে বাসায় ফিরছিলেন। সেই সময় বড়গ্রাম মাতাব্বর বাজার হারিকেন ফ্যাক্টরির সামনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছিল। পরিস্থিতি কিছু বুঝে উঠতে না পেরে রকি দ্রুত সরে যেতে দৌড় দিলে অজ্ঞাত একজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তারা রকিকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান; কিন্তু তার আগেই তার মৃত্যু হয়। তিনি কামরাঙ্গীরচর বড়গ্রাম চেয়ারম্যান মোড় এলাকায় থাকতেন বলে জানা গেছে।

কামরাঙ্গীরচর থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন, রকি কাজ শেষ করে বাসায় যাওয়ার পথে কিছু দুষ্কৃতকারী তার হাঁটুর উপরে সুইচ গিয়ার দিয়ে আঘাত করে।

পরে রক্তক্ষরণ হয়ে হাসপাতাল নিতে নিতে মারা যান। এই ঘটনায় নিহত রকির বাবা মো: সাইদ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনের নামে মামলা করেন। তবে কে বা কারা হত্যা করেছে এখনো পর্যন্ত জানায় যায়নি।