সিলেটে পাউবোর বেড়িবাঁধ প্রকল্পে চাঁদা দাবি, ভাঙচুর ছাত্রদল নেতা গ্রেফতার
Printed Edition
সিলেট ব্যুরো
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ প্রকল্পের মাটি ভরাটের ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় সিলেটের জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহমত মারুফকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ইফতারের পর উপজেলার বিরাখাই ইউনিয়নের হাটির গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীর তীরবর্তী এলাকায় বন্যানিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং নদীভাঙন রোধে পাউবোর বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে খাল খননের মাটি ট্রাকে করে বেড়িবাঁধের দিকে যাওয়ার পথে হাটিরগ্রাম এলাকায় ছাত্রদল নেতা রহমত মারুফের বাড়ির সামনে পৌঁছলে বাবা জামাল আহমদসহ (৫৫) অজ্ঞাত আরো ১০-১২ জন যুবক মাটি ভর্তি ট্রাকগুলোর গতিরোধ করে। চালক ও শ্রমিকদের টানা-হেঁচড়া করে নামিয়ে মারধর করে। একপর্যায়ে রহমত মারুফ উপস্থিত লোকজনের সামনে প্রকল্পের কাজ করতে হলে তাকে ৬০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করেন। অন্যথায় ট্রাক দিয়ে খাল খননের মাটি বেড়িবাঁধে নিয়ে যেতে দেবেন না বলে হুমকি দেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, ট্রাকচালক মাহফুজুর রহমান ও প্রকল্প ম্যানেজার ফারুক আহমেদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রহমত মারুফ গং লাঠিসোটা দিয়ে তাদের ওপর হামলা চালায় ও এলোপাতাড়ি মারধর করে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ট্রাকের গ্লাস ও বডি সেইড ভাঙচুর করে। এ সময় ম্যানেজারের কাছে থাকা এক লাখ ৮০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
ট্রাকচালক ও শ্রমিকদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতরা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
এ ঘটনায় ট্রাকচালক মাহফুজুর রহমান বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে জৈন্তাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ছাত্রদল নেতা রহমত মারুফকে আটক করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পে বাঁধা প্রদান এবং ট্রাক শ্রমিকদের চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রহমত মারুফকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পুলিশ পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।